ওমান উপকূলে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গতকাল বুধবার জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে মার্কিন সেনারা ওই ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলার পর থেকে নিখোঁজ থাকা তিন ভারতীয় নাবিকের মৃত্যুর খবর আজ বৃহস্পতিবার নিশ্চিত করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতের জাহাজ চলাচলবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল আজ বৃহস্পতিবার জানান, নিখোঁজ তিন নাবিকের সবাই প্রাণ হারিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘সেত্তেবেল্লো’ নামের ওই তেলবাহী ট্যাংকারটির ইঞ্জিন রুমে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে ভয়াবহ আগুন ধরে যায়। পালাউয়ের পতাকাবাহী ওই জাহাজটিতে মোট ২৮ জন ক্রু ছিলেন, যার মধ্যে ২৪ জনই ভারতীয় নাগরিক। ওমানের সোহর বন্দর থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি হামলার শিকার হওয়ার পর সেখান থেকে জরুরি সাহায্যের আবেদন জানানো হয়।
ওমানের রাজধানী মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, আক্রান্ত জাহাজটি থেকে ২৪ জন ভারতীয় নাগরিকের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ‘অ্যামব্রে’ জানিয়েছে, ওই অঞ্চলে ইরান-সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করেছে। অবরোধ অমান্য করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে কিংবা হামলার মাধ্যমে নিষ্ক্রিয় করা হচ্ছে। আক্রান্ত এই ট্যাংকারটিও ওই অবরোধের জেরেই হামলার শিকার হয়েছে বলে ধারণা করছে সংস্থাটি।
এদিকে গতকাল বুধবার থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘাত আজ দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। দুই দেশই একে অপরের ওপর দফায় দফায় হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে বলে জানা গেছে।
দেশবার্তা/একে