পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের মুজাফফরাবাদের কাছে দেশটির সামরিক বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
বুধবার সকালের দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানায়, উড্ডয়নের সময় হেলিকপ্টারটিতে আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দেয়।
আইএসপিআর আরও জানায়, হেলিকপ্টারে থাকা সব কর্মকর্তা ও সেনাসদস্য শাহাদাত বরণ করেছেন এবং দুর্ঘটনার পর তাঁদের কেউই বেঁচে নেই।
হেলিকপ্টারটিতে ঠিক কতজন সামরিক সদস্য ছিলেন, সে সংখ্যা সম্পর্কে আইএসপিআর প্রাথমিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। তবে দুর্ঘটনার পরপরই উদ্ধার ও অনুসন্ধানকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেছে। এই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে দেশটির সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনির এবং সেনাবাহিনীর সব স্তরের কর্মকর্তা ও সদস্যরা হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণহানির এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
পাকিস্তানে সামরিক যান বিধ্বস্তের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত বছরের সেপ্টেম্বরে গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলায় কারিগরি সমস্যার কারণে সেনাবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ সৈন্য নিহত হন।
তারও আগে একই বছরের আগস্টে খাইবার পাখতুনখোয়া সরকারের একটি উদ্ধারকারী উড়োজাহাজ বৈরী আবহাওয়ার মুখে পড়ে মোহমান্দ জেলায় বিধ্বস্ত হলে দুই পাইলট ও তিন ক্রু সদস্যের প্রাণহানি ঘটেছিল।
দেশবার্তা/একে