ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১০ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬, ২১:১৭
চলমান বার্তা:
বাড়ছে সম্পূরক শুল্কও
বাড়ছে সব ধরনের সিগারেটের দাম
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ২০:৪৮  (ভিজিটর : )

দেশের বাজারে সব ধরনের সিগারেটের দাম বাড়ছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এমন প্রস্তাবই থাকতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিকোটিন পাউচ আমদানিতে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ এবং হিটেড টোব্যাকোতে প্রতি ১০ শলাকায় ৬৭ শতাংশ কর আরোপের প্রস্তাব আসতে পারে। 

আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজস্ব সম্ভাবনা ও স্বাস্থ্যঝুঁকির সর্বোচ্চ সমন্বয় বিবেচনায় নিয়ে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে সিগারেটের স্তরায়ন অনুযায়ী ন্যূনতম খুচরা মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব করা হতে পারে। 

প্রস্তাব অনুযায়ী, প্রতি ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের দাম ৬০ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ৬২ টাকা, মধ্যমস্তরে ৮০ টাকা থেকে ১২ টাকা বাড়িয়ে ৯২ টাকা, উচ্চস্তরে ১৪০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা এবং অতি উচ্চস্তরে ১৮৫ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হতে পারে।

বাজেটে এবারই প্রথমবারের মতো নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোর ওপর সর্বোচ্চ খুচরা মূল্য ও সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হতে পারে। এর মধ্যে প্রতি ১০ গ্রাম নিকোটিন পাউচের মূল্য ৫০০ টাকা নির্ধারণ করে ৪০ শতাংশ এবং হিটেড টোব্যাকোয় প্রতি ১০ শলাকার মূল্য ২১০ টাকা নির্ধারণ করে ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব থাকতে পারে। 

এর পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচ আমদানি নিরুৎসাহিত করতে নতুন কোড তৈরি করে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে সরকারের। 

একই সঙ্গে অবৈধ তামাকপণ্যের বাণিজ্য প্রতিরোধ এবং উৎপাদন ও সরবরাহ নিবিড়ভাবে তদারকি করার জন্য ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ পদ্ধতি প্রণয়নের প্রস্তাব করা হতে পারে।

তবে কর না বাড়িয়ে এভাবে শুধু সিগারেটের মূল্য বৃদ্ধির প্রস্তাব নিয়ে আপত্তি তুলেছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তামাক নিয়ন্ত্রণ গবেষক সুশান্ত সিনহা একটি গণমাধ্যমকে বলেন, যেভাবে কর না বাড়িয়ে সিগারেটের মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাতে বহুজাতিক সিগারেট কোম্পানিগুলো বিশাল মুনাফা করার সুযোগ পাবে। দেশের মোট চাহিদার প্রায় ৬০ শতাংশই নিম্নস্তরের সিগারেট, যেখানে শলাকাপ্রতি মাত্র ২০ পয়সা দাম বাড়ানো হয়েছে। যেহেতু দেশে বর্তমানে খুচরা পয়সার চল নেই, তাই প্রতি শলাকা সিগারেটের দাম ৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হলেও ভোক্তাদের বাস্তবিকভাবে ৭ টাকা করেই গুনতে হবে। এর ফলে প্রতি শলাকায় ৮০ পয়সা বাড়তি দিতে হলে নিম্নস্তরের ৪ হাজার কোটি শলাকা সিগারেট থেকে ভোক্তাদের পকেট থেকে বাড়তি প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা চলে যাবে। 

ফলে কোম্পানির মুনাফা লাভের এই প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত
পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রত্যাবর্তন, ৩২ বছরে কতটা বদলেছে ফুটবলের মহাযজ্ঞ
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রত্যাবর্তন, ৩২ বছরে কতটা বদলেছে ফুটবলের মহাযজ্ঞ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg