ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৭ জুন ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ২০:৫৩
চলমান বার্তা:
শিক্ষা ও পরিশ্রমে চীন আজ উন্নত, তরুণদের সেই পথ অনুসরণের আহ্বান
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১৬:১৮  (ভিজিটর : )

আজকের চীন যে বিপুল উন্নতি লাভ করেছে, তা তারা নিজেদের চেষ্টায় অর্জন করেছে। তাদের তরুণ প্রজন্ম কঠোর পরিশ্রম ও পড়াশোনা করেই দেশকে এই অবস্থানে নিয়ে গেছে। কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না।

শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এলজিআরডি মন্ত্রী। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন। অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উন্নয়ন ভাবনার কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীও শিশুদের নিয়ে কাজ করতে চান। শিশুদের ভালোভাবে লেখাপড়া করিয়ে তাদের উন্নত নাগরিক হিসেবে গড়ে তুলতে চান। এজন্য তিনি পোশাক ও শিক্ষা সামগ্রী বিনামূল্যে বিতরণসহ কিছু প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে আমাদের শিশুরা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার মতো প্রশিক্ষণ পায়।’

চীনের উন্নয়ন সহযোগিতার প্রশংসা করে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘বিশ্বের অন্যতম উন্নত দেশ চীন প্রতিনিয়তই আরও সমৃদ্ধ হচ্ছে। তারা বিশ্বের বিভিন্ন দেশের জনগণের উন্নয়নে ভূমিকা রাখছে, আমাদের উন্নয়নেও তাদের সমর্থন রয়েছে। আমরা আজকে চীনের রাষ্ট্রদূতকে এখানে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’ 

তিনি আরও জানান, ঠাকুরগাঁওয়ের অর্থনৈতিক উন্নয়নে চীনকে পাশে চান তারা। চলতি বছর ও আগামী বছরের মধ্যে এখানে নতুন কলকারখানা স্থাপনের সম্ভাবনা যাচাই করতে চীন থেকে একটি প্রতিনিধিদল পরিদর্শনে আসবে বলে চীনা রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন।

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। আমি আশা করি, এই শিক্ষা সামগ্রী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করবে। বাংলাদেশের জনগণের কল্যাণে প্রতিবছরই এমন সহযোগিতা বজায় থাকবে।

ঠাকুরগাঁও অঞ্চলের কৃষিসমৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের কৃষিভিত্তিক উন্নয়নে কাজ করতে চায় চীন। এ লক্ষ্যে চলতি বছরের জুলাই-আগস্ট মাসেই একটি চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁও সফর করবে।

রাষ্ট্রদূত আরও ঘোষণা দেন, আগামী বছরের মধ্যে এখানকার শিক্ষার্থীদের একটি অংশকে চীন সফরের সুযোগ দেওয়া হবে, যাতে তারা সরাসরি চীনের উন্নয়ন দেখতে পারে। এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পায়গাম আলীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।