নওগাঁ শহরের গোস্তহাটির মোড় থেকে নাপিতপাড়া মোড় পর্যন্ত রাস্তা, ফুটপাত ও আলোকসজ্জা উন্নয়নকাজের উদ্বোধন করেছেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টায় শহরের কালিতলা পুলিশ ফাঁড়ির সামনে এ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।
এ সময় নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, উপসহকারী প্রকৌশলী সেলিম রেজা, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য মানুষের জীবনমান ও ভাগ্যের পরিবর্তন করা। এ পরিবর্তনের অন্যতম শর্ত অবকাঠামোগত উন্নয়ন। তারই ধারাবাহিকতায় এ উন্নয়নকাজের উদ্বোধন করা হলো।
তিনি নওগাঁ পৌরসভাকে একটি সুন্দর, বাসযোগ্য ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি জানান, শহরের যানজট নিরসনের লক্ষ্যে খুব শিগগিরই ছোট যমুনা নদীর ওপর দুটি বেইলি সেতু নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া শহরের মধ্য দিয়ে চার লেনবিশিষ্ট সড়ক নির্মাণকাজও দ্রুত শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে তিনি শহরের লাটাপাড়া মোড় থেকে আরজি নওগাঁ দপ্তরিপাড়া আকবরিয়া মসজিদ পর্যন্ত ড্রেন ও সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করেন। উভয় প্রকল্পই নওগাঁ পৌরসভার বাস্তবায়নে পরিচালিত হচ্ছে।
প্রতিনিধি/আরএইচ