রাঙামাটির নানিয়ারচর উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শতাব্দী চাকমা (৫০) নামের সরকারি প্রাইমারী স্কুলের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শতাব্দী চাকমা নানিয়াচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং রাঙামাটি জেলা সদরের ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা মৃত রবীচন্দ্র চাকমার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে রাঙামাটি থেকে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে শিক্ষিকা শতাব্দি চাকমা যাত্রা করে। পথিমধ্যে নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় রাস্তার পাশে একটি জাম গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন। এ সময় কাঁচা বাঁশ ব্যবহার করে জাম পাড়তে গিয়ে অসাবধানবশতার কারণে বাঁশটি বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে তিনি গুরুতর বৈদ্যুতিক শকের শিকার হন।
পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/আরএইচ