নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুধা রাণী (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুধা রাণী ওই গ্রামের রতনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সুধা রাণী ও তার স্বামী রতন চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট এলাকা থেকে সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরেন। রাত ১০টার দিকে ঘরের বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য সুইচবোর্ডে হাত দিলে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় তিনি চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়েন।
চিৎকার শুনে তার শাশুড়ি ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে তারা জানতে পারেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় থানায় কেউ কোনো তথ্য জানায়নি।
প্রতিনিধি/আরএইচ