চট্টগ্রাম বন্দর সংরক্ষিত এলাকার বাইরে স্টেডিয়াম সংলগ্ন কাস্টমস অকশন শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল পৌনে নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বন্দরের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন জানিয়েছেন, আগুন লাগার সাথে সাথেই চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে। ক্ষয়ক্ষতি হ্রাস এবং আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রোধ করতে বাংলাদেশ নৌবাহিনী ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের চেষ্টা চালায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সকাল ৮টা ৫০মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের তিনটি গাড়ি গিয়ে আগুন নির্বাপণের কাজ শুরু করে। প্রায় দুপুর সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের সূত্রপাত পরে জানানো হবে বলেও জানায়।
প্রতিনিধি/আরএইচ