ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৫ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১৭:৩৫
চলমান বার্তা:
দিনাজপুর সীমান্তে তিন ব্যাটালিয়নের জব্দকৃত ১১ কোটি টাকার মাদক ধ্বংস
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১৫:১৩  (ভিজিটর : )

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সেক্টরের অধীন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিজিবির দিনাজপুর সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

প্রধান অতিথি বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি মানুষের মেধা, নৈতিকতা ও ভবিষ্যৎকে ধ্বংস করে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ছোবলে আক্রান্ত হলে জাতির সম্ভাবনাময় ভবিষ্যৎও হুমকির মুখে পড়ে। সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের সাহস, নিষ্ঠা ও দেশপ্রেমের ফলেই বিপুল পরিমাণ মাদক জব্দ করা সম্ভব হয়েছে।

রিজিয়ন কমান্ডার বলেন, মাদক শুধু অবৈধ দ্রব্য নয়, এটি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। সীমান্ত ব্যবহার করে অসাধু চক্র বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও অঙ্গীকারবদ্ধ।

পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ধরনের জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, জয়পুরহাট ব্যাটালিয়ন ২০২৩ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত, ফুলবাড়ী ব্যাটালিয়ন ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত এবং দিনাজপুর ব্যাটালিয়ন ২০২৫ সালের ২৯ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত সময়ে সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ১৩ হাজার ১৯০ বোতল ফেন্সিডিল, ২০ হাজার ৪১৯টি ইয়াবা ট্যাবলেট, ৬৭ হাজার ৪৬৬টি কুপিজেসিক ইনজেকশন, ২ লাখ ৪৮ হাজার ৫৯টি নেশাজাতীয় ট্যাবলেট, ১৪০ গ্রাম কোকেন, ১০ গ্রাম হেরোইন, ৮ হাজার ৯৬২ বোতল বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদক ও নেশাজাতীয় দ্রব্য।

বিজিবি জানায়, ধ্বংস করা এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৯২০ টাকা।

অনুষ্ঠানে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।