জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ভোলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এ বছর ভোলা জেলায় মোট ২ লাখ ৯৩ হাজার ১৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৩৬৯ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫৮ হাজার ৭৬৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামী ২৮ জুন সারা দেশের মতো ভোলায়ও একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পরিচালিত ক্যাম্পেইনে ২৭১ জন স্বাস্থ্যকর্মী, ১২৭ জন পরিবার পরিকল্পনা কর্মী, ২২১ জন সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) এবং ২ হাজার ২১৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
মতবিনিময় সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ভোলার সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য দেন জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মনিরুজ্জামান খান, ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু এবং সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. নাইমুল হাসানাত।
অনুষ্ঠানে ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ