ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৫ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১৯:৫২
চলমান বার্তা:
দেড় বছর পর মঞ্চে ফিরছে অর্থহীন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১৮:৪৩  (ভিজিটর : )

প্রায় দেড় বছর পর মঞ্চ মাতাতে যাচ্ছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’। আগামী ১০ জুলাই (শুক্রবার) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিএসসিসি) ‘হল অব ফেম’-এ আয়োজিত ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এ পারফর্ম করবে ব্যান্ডটি। এই কনসার্টের মাধ্যমে দীর্ঘ বিরতি ভেঙে ভক্তদের সামনে হাজির হচ্ছেন ‘বেজবাবা’ সুমন ও তার দল। 

জানা গেছে, লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনায় আয়োজিত এই বৃহৎ রক ফেস্টিভ্যালে অর্থহীন ছাড়াও দেশের আরও বেশ কয়েকটি প্রভাবশালী ও জনপ্রিয় ব্যান্ড অংশ নিচ্ছে। উৎসবের লাইনআপে থাকা অন্য ব্যান্ডগুলোর মধ্যে রয়েছে আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট। 

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১০ জুলাই দুপুর ২টায় কনসার্ট শুরু হবে; যা চলবে রাত ১১টা পর্যন্ত। এই কনসার্টের টিকিট ২৫ জুন থেকে অনলাইন টিকিট পার্টনার ‘গেট সেট রক’-এর (getsetrock.com) ওয়েবসাইটে অবমুক্ত করা হয়েছে।

মঞ্চে ফেরার এই ঘোষণার আগে সম্প্রতি অর্থহীনের অভ্যন্তরীণ লাইনআপে বড় ধরনের রদবদল এসেছে। গত মার্চ মাসে ব্যান্ডটি তাদের দীর্ঘদিনের ড্রামার মার্ক ডন এবং গিটারিস্ট এহতেশাম আলী মঈনের বিদায়ের খবর নিশ্চিত করে। সেই ধাক্কা সামলে ভক্তদের চমক দিয়ে ব্যান্ডে পুনরায় প্রত্যাবর্তন করেছেন গুণী মিউজিশিয়ান শিশির আহমেদ, যিনি এবারও গিটার ও কিবোর্ডের দায়িত্ব সামলাবেন। তার সঙ্গে নতুন সদস্য হিসেবে কিবোর্ড ও গিটারে যুক্ত হয়েছেন আদনান আতিক এবং ড্রামসে গেস্ট মেম্বার হিসেবে থাকছেন ‘মেকানিক্স’ ব্যান্ডের শেখ এম রিয়াজ। 

উল্লেখ্য, নতুন এই লাইনআপ গুছিয়ে নেওয়ার পর এটিই হতে যাচ্ছে অর্থহীনের প্রথম পারফরম্যান্স।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।