বিয়েতে ‘আনন্দ-ফুর্তির’ নামে অতিরিক্ত খরচ ও অপচয় করা হয় দাবি করে অতিথি সংখ্যা ১০০ জনের বেশি হলে প্রতি জনের জন্য ১ হাজার টাকা ট্যাক্স (কর) নির্ধারণের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম।
গতকাল শুক্রবার রাজধানীতে আয়োজিত এক আলোচনাসভায় অংশ নিয়ে তিনি এই বক্তব্য দেন। সংসদ সদস্যের এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
ভিডিওতে শাহাদাত হোসেন সেলিমকে বলতে শোনা যায়, ‘বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, বিয়েশাদিতে আমরা দেখেছি কী পরিমাণ অপচয় হয়। এটা একেবারে কল্পনার বাইরে।’
বিয়ের অনুষ্ঠানে ‘অশ্লীল প্রদর্শনী’ হয় মন্তব্য করে এই সংসদ সদস্য দাবি করেন, গায়েহলুদে নৃত্যের জন্য এক মাস পর্যন্ত ট্রেনিং (প্রশিক্ষণ) দেওয়া হয়।
তিনি বলেন, ‘এইসব অনুষ্ঠানে ব্যাপকভাবে অর্থ ব্যয় করা হয়। বিয়ের অনুষ্ঠানে নাচ-গানে হাজার হাজার মানুষ এসে সেখানে অংশগ্রহণ করে। যা খায়-দায় তার অর্ধেকের বেশি অপচয় হয়। এই অপচয়টাকে বন্ধ করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা প্রস্তাব করছি, ১০০ জনের অতিথির বাইরে প্রতি অতিথির জন্য ১০০০ টাকা করে ট্যাক্স নির্ধারণ করতে হবে। যদি অপচয়টা বন্ধ করা হয় তাহলে একদিনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ১০ শতাংশ কমে আসবে।’
বিগত সময়ে দেশে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ ছিল উল্লেখ করে তিনি জানান, সেই আইনে ১০০ জনের বেশি অতিথি হলেই সেখানে একটা ট্যাক্স ধরা হতো। সেই ধারাবাহিকতাতেই তিনি নতুন করে এই কর আরোপের প্রস্তাব করেন।
এর আগে গত ২২ জুন জাতীয় সংসদেও একই দাবি তোলেন লক্ষ্মীপুর-১ আসনের এই সংসদ সদস্য। সেদিন সংসদে দাঁড়িয়ে তিনি বিয়ে ও গায়েহলুদের অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক ও অপচয় বন্ধে অতীতে থাকা অতিথি নিয়ন্ত্রণ আইনটি পুনরায় কার্যকর করার আহ্বান জানিয়েছিলেন।
দেশবার্তা/একে