ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২৯ জুন ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ২৮ জুন, ২০২৬, ২১:০৬
চলমান বার্তা:
রাণীনগরে রাতে মোটরসাইকেল চুরি, ভোরে থ্রি-পিস পরে ছিনতাই
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১৭:১৯  (ভিজিটর : )

নওগাঁর রাণীনগরে এক রাতে মোটরসাইকেল চুরি এবং ভোরে থ্রি-পিস ও কালো প্যান্ট পরে মুখ ঢেকে অভিনব কায়দায় স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের মারধরে মিশুক প্রামাণিক (২৪) নামে এক যুবক আহত হন। তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাতে এবং রোববার ভোরে পৃথক দুটি ঘটনা ঘটে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ছিনতাইয়ের শিকার উপজেলার কাশিমপুর চারাপাড়া গ্রামের শহিদুল ইসলাম বাবুর ছেলে মিশুক প্রামাণিক জানান, রাতে তার নানা মারা যাওয়ার খবর পেয়ে ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে একটি টমটম ভাড়া করে বাবা-মা ও পরিবারের সদস্যদের নিয়ে পাশের আত্রাই উপজেলার তিলাবুদুরি গ্রামে যাচ্ছিলেন। পথে রাণীনগর উপজেলার আলোপাড়া মোড়ে পৌঁছালে থ্রি-পিস ও কালো প্যান্ট পরা, মুখ ঢাকা তিন ছিনতাইকারী সড়কে বাঁশ ফেলে তাদের পথরোধ করে।

পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর করে তার কাছে থাকা ২৩ হাজার টাকা এবং তার মা মেরিনা বিবির গলায় থাকা পাঁচ আনা ওজনের স্বর্ণের মালা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে মিশুককে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ভোরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অন্যদিকে উপজেলার খাগড়া গ্রামের শমসের আলীর ছেলে জহুরুল ইসলাম (৬২) জানান, তিনি অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। দীর্ঘদিন ধরে উপজেলার কুজাইল বাজারে একটি চেম্বারে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। প্রতিদিনের মতো শনিবার মোটরসাইকেল নিয়ে বাজারে গিয়ে চেম্বারের সামনে তার ডিসকভার ১০০ সিসির মোটরসাইকেলটি রেখে এশার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় রাতেই তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, ছিনতাইয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। এ দুটি ঘটনায় মামলা রুজুসহ জড়িতদের গ্রেপ্তার এবং চুরি ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।