মার্কিন রিয়েলিটি তারকা ও ধনকুবের উদ্যোক্তা কাইলি জেনারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে মামলা করেছেন তাঁর সাবেক ব্যক্তিগত রাঁধুনি। উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার কথা জানানো সত্ত্বেও দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করা, প্রয়োজনীয় সহায়তা না দেওয়া এবং বৈষম্যমূলক আচরণের কারণে শেষ পর্যন্ত তাঁকে গর্ভপাতের মতো মর্মান্তিক ঘটনার মুখোমুখি হতে হয়েছে বলে দাবি করেছেন ওই নারী।
বিনোদনবিষয়ক সাময়িকী এন্টারটেইনমেন্ট উইকলির হাতে থাকা আদালতের নথি অনুযায়ী, পরিচয় গোপন রাখা ওই নারী ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত কাইলি জেনারের ব্যক্তিগত রাঁধুনি হিসেবে দায়িত্ব পালন করেন। সপ্তাহে প্রায় ৫৫ ঘণ্টা কাজ করার পাশাপাশি কাইলির ভাই রব কার্ডাশিয়ানের জন্যও তাঁকে রান্না করতে হতো।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বরে ওই নারী কাইলির টিমকে জানান- তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা এবং তাঁর গর্ভধারণটি উচ্চ ঝুঁকিপূর্ণ। কিন্তু চিকিৎসকের পরামর্শ মেনে কাজের চাপ কমানোর অনুরোধ জানালেও তা উপেক্ষা করা হয়। উল্টো আগের মতোই দীর্ঘ সময় কাজ ও ভারী দায়িত্ব পালন করতে বাধ্য করা হয় তাঁকে।
অভিযোগে বলা হয়েছে, গর্ভাবস্থার পাঁচ মাসের মাথায় ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে কাইলির সন্তানের জন্মদিনের অনুষ্ঠানে দীর্ঘ সময় ধরে শারীরিকভাবে কষ্টকর কাজ করতে পাঠানো হয় তাঁকে। পরদিন সকালে তীব্র রক্তক্ষরণ শুরু হলে তিনি হাসপাতালে যান এবং চিকিৎসকেরা জানান, গর্ভস্থ শিশুর আর হৃৎস্পন্দন নেই।
গর্ভপাতের এই মর্মান্তিক ঘটনার পরও কর্মস্থলে তাঁর প্রতি বৈষম্যমূলক আচরণ অব্যাহত ছিল এবং ২০২৫ সালের ১৪ মার্চ তাঁকে অন্যায়ভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলায় সাবেক এই রাঁধুনি অনির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দাবি করেছেন।
অবশ্য আদালতের নথিতে কাইলি জেনার ব্যক্তিগতভাবে সরাসরি কোনো হয়রানি করেছেন- এমন অভিযোগ আনা হয়নি।
তবে বলা হয়েছে, কর্মস্থলের কর্মকর্তাদের এমন অমানবিক আচরণ সম্পর্কে কাইলি পুরোপুরি অবগত ছিলেন, কিন্তু পরিস্থিতি পরিবর্তনে কোনো পদক্ষেপ নেননি।
কাইলি জেনারের বিরুদ্ধে কর্মপরিবেশ নিয়ে এটিই প্রথম অভিযোগ নয়; এর আগেও তাঁর দুই সাবেক গৃহপরিচারিকা বৈরী কর্মপরিবেশের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
দেশবার্তা/একে