ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী কেয়া পায়েল ও খায়রুল বাসার ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে জুটি বেঁধে অভিনয় করে দর্শকের বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। তবে এবার অনস্ক্রিন রসায়ন নয়, বরং পর্দার বাইরের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি টিকটক ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর গুঞ্জন।
কেয়া পায়েল। ছবি: ফেসবুক থেকে
ভিডিওটিতে দেখা যায়, মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে বেশ অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। কখনো দুজনে মেতেছেন খুনসুটিতে, আবার কখনো একটি রেস্টুরেন্টে নিজের হাতে ওই তরুণকে খাবার খাইয়ে দিচ্ছেন অভিনেত্রী।
ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন- কে এই তরুণ? তাঁর সঙ্গে কেয়ার সম্পর্কটাই বা কী?
কেয়া পায়েল। ছবি: ফেসবুক থেকে
অভিনেত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছে, ওই তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে পরিচয় ও ঘনিষ্ঠতা রয়েছে। শুধু মালদ্বীপ নয়, এর আগেও তাঁদের একসঙ্গে যুক্তরাজ্যে (ইউকে) ঘুরে বেড়াতে দেখা গেছে বলে জানিয়েছে সূত্রগুলো।
কেয়া পায়েলের ঘনিষ্ঠজনদের দাবি, তাঁরা দুজন দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাঁদের সম্পর্কের বিষয়টি দুই পরিবারই অবগত এবং বেশ ইতিবাচকভাবেই দেখছে। এমনকি খুব শিগগিরই তাঁদের বিয়ের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।
কেয়া পায়েল। ছবি: ফেসবুক থেকে
অবশ্য প্রেমের এই গুঞ্জন নিয়ে এখনো কেয়া পায়েল বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘনিষ্ঠদের ভাষ্য, উপযুক্ত সময়েই দুই পরিবারের পক্ষ থেকে তাঁদের সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এদিকে মালদ্বীপের এই ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে।
অনেকেই ধারণা করছেন, দীর্ঘদিনের লুকোচুরির পর এবার হয়তো নিজের সম্পর্ক প্রকাশ্যে আনতে যাচ্ছেন কেয়া পায়েল। তবে সেই জল্পনা সত্যি কি না, তা জানতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে।