ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২১:২৭
চলমান বার্তা:
অবশেষে জানা গেল ‘দ্য রিং’ অভিনেত্রীর মৃত্যুর কারণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৯:২৩  (ভিজিটর : )

হলিউডের অত্যন্ত জনপ্রিয় হরর সিনেমা ‘দ্য রিং’-এ ভয়ংকর ভূত ‘সামারা মরগান’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেত্রী ডেভি চেজ মারা গেছেন। গত ১৬ জুন লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। 

প্রথমে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও সম্প্রতি লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের চূড়ান্ত প্রতিবেদনে তা প্রকাশ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেভি চেজের চূড়ান্ত ময়নাতদন্তের প্রতিবেদনে তাঁর মৃত্যুর প্রধান কারণ হিসেবে এইডসজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, তাঁর মৃত্যুকে চিকিৎসাগতভাবে স্বাভাবিক হিসেবে শ্রেণিবদ্ধ করা হলেও ‘ক্রনিক পলিসাবস্ট্যান্স ইউজ’—অর্থাৎ দীর্ঘদিন ধরে একাধিক মাদকদ্রব্য ব্যবহারের বিষয়টিকেও মৃত্যুর গুরুত্বপূর্ণ সহায়ক শারীরিক অবস্থা হিসেবে উল্লেখ করেছেন চিকিৎসকেরা।

এর আগে অভিনেত্রী ডেভি চেজ মারা যাওয়ার পরপরই তাঁর ম্যানেজার জন রায়ান জুনিয়র সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার পর সেপসিসে ভুগছিলেন ডেভি এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। 

অন্যদিকে, অভিনেত্রীর বাবা জন ডেভিড শওয়ালিয়ার দ্য নিউইয়র্ক টাইমসকে জানান, মৃত্যুর আগে ডেভি চেজ লস অ্যাঞ্জেলেসে তাঁর প্রেমিকের সঙ্গে বসবাস করছিলেন।

২০০২ সালে মুক্তি পাওয়া ‘দ্য রিং’ সিনেমায় সামারা মরগান চরিত্রে অভিনয়ের মাধ্যমে রাতারাতি বিশ্বজুড়ে তুমুল আলোচনায় আসেন ডেভি চেজ। জাপানি হরর ক্লাসিকের এই মার্কিন রিমেকে টেলিভিশনের পর্দা ভেদ করে বেরিয়ে আসা দীর্ঘ চুলের সেই ভয়ংকর ভূতের চরিত্রটি দর্শকমনে কাঁপন ধরিয়ে দিয়েছিল। এই অনবদ্য অভিনয়ের জন্য ২০০৩ সালে এমটিভি মুভি অ্যাওয়ার্ডসে ‘সেরা ভিলেন’ পুরস্কারও জিতেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে নিজের এই কালজয়ী চরিত্রটি নিয়ে ডেভি চেজ বলেছিলেন, ‘এটি একেবারেই সাধারণ কোনো চরিত্র ছিল না। সাধারণত পরিচালকেরা হাসিখুশি শিশুচরিত্র খোঁজে, কিন্তু সামারা ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে আমি আমার নিজের কণ্ঠকে একটু ভিন্ন ও ভয়ংকরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম।’

হরর সিনেমার পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও ডেভি চেজ দারুণ সফল ছিলেন। একই বছর তিনি ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘লিলো অ্যান্ড স্টিচ’-এ প্রধান চরিত্র ‘লিলো’-র কণ্ঠ দেন। এই অসাধারণ কাজের জন্য তিনি অ্যানি অ্যাওয়ার্ডে ‘সেরা ভয়েস অ্যাক্টিং ইন অ্যান অ্যানিমেটেড ফিচার’ পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে এই সিনেমার একাধিক স্পিন-অফেও তিনি একই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। 

এছাড়া টেলিভিশনের জনপ্রিয় সিরিজ ‘চার্মড’, ‘ইআর’ এবং এইচবিওর আলোচিত সিরিজ ‘বিগ লাভ’-এ ‘রোন্ডা ভলমার’ চরিত্রে অভিনয় করেও দর্শকদের প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন এই অকালপ্রয়াত অভিনেত্রী।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।