ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২১:২৭
চলমান বার্তা:
বিশ্বকাপে কতবার দেখা হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের, জয় বেশি কার?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৯:৩০  (ভিজিটর : )

ফুটবল বিশ্বকাপের এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, নিজেদের উদ্বোধনী ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে না পারলেও টুর্নামেন্ট যত গড়াচ্ছে, ততই গুছিয়ে উঠছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সবকিছু ঠিকঠাক থাকলে ফুটবলবিশ্বের এই দুই পরাশক্তির বিশ্বকাপ যাত্রাটা যে আরও দীর্ঘ হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য। আর যার যার গ্রুপে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে চলতি বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালেই একে অপরের মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।

মাঠে গড়ানোর আগেই এই সম্ভাব্য ‘সুপার ক্লাসিকো’ নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে উন্মাদনা তুঙ্গে। একে অপরের বিপক্ষে মাঠে নামার আগে দু’দলের অতীত পরিসংখ্যান নিয়েও ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন অনেকে। ফুটবল বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে আসলে কতবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল? কিংবা বিশ্বমঞ্চে শেষবার কবে দেখা হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর? এমন সব কৌতূহল এখন সাধারণ ফুটবল ভক্তদের মনে।

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে এখন পর্যন্ত মাত্র চারবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। আর এই চার ম্যাচের লড়াইয়ে জয়ের পাল্লাটা সেলেসাও বা ব্রাজিলের দিকেই একটু ভারী। ব্রাজিলের দুই জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় মাত্র একটি। আর বাকি একটি ম্যাচ অমীমাংসিতভাবে গোলশূন্য ড্র হয়। তবে আশার কথা হলো, বিশ্বমঞ্চে দু’দলের শেষবারের দেখায় শেষ হাসি হেসেছিল আর্জেন্টিনাই।

বিশ্বকাপের মঞ্চে ১৯৭৪ সালে প্রথমবার মুখোমুখি হয়েছিল এই দুই পরাশক্তি। সেবার আলবিসেলেস্তেদের ২-১ গোল ব্যবধানে হারিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৩২তম মিনিটে রিভেলিনোর গোলে এগিয়ে যায় সেলেসাওরা। অবশ্য এর তিন মিনিট পরেই মিগুয়েল ব্রিনদিসির করা দৃষ্টিনন্দন গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। তবে ম্যাচের ৪৯তম মিনিটে জাইরজিনহোর করা গোলে আরও একবার এগিয়ে যায় ব্রাজিল এবং শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখেই জয় নিশ্চিত করে তারা।

এর ঠিক চার বছর পর, ১৯৭৮ সালের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে একই গ্রুপে পড়ে এই দুই দল। সেবার অবশ্য ঘরের মাঠে আর্জেন্টিনাকে হারাতে পারেনি ব্রাজিল, আবার আর্জেন্টিনাও জয় পায়নি। ১৯৭৮ সালের ১৮ জুন অনুষ্ঠিত হওয়া সেই ঐতিহাসিক ও উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতে শেষ হয়।

এরপর ১৯৮২ সালের স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপে তৃতীয়বারের মতো মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল। সেই বিশ্বকাপে সেলেসাওদের নান্দনিক ফুটবলের সামনে পাত্তাই পায়নি আলবিসেলেস্তেরা। ব্রাজিলের আক্রমণভাগের দুর্দান্ত প্রদর্শনীর কাছে সেবার ৩-১ গোলের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টিনাকে।

তবে ইতালিতে অনুষ্ঠিত ১৯৯০ সালের বিশ্বকাপে চতুর্থ এবং শেষবারের মতো বিশ্বমঞ্চে একে অপরের মুখোমুখি হয়েছিল এই দুই দল। আগের দুই হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই সেবার মাঠে নেমেছিল আলবিসেলেস্তেরা। পুরো ম্যাচে ব্রাজিলের একের পর এক আক্রমণের পরও কাউন্টার অ্যাটাক থেকে ডিয়েগো ম্যারাডোনার জাদুকরি পাস ধরে ব্রাজিলের জাল কাঁপান ক্লদিও কানিগিয়া। কানিগিয়ার করা সেই একমাত্র গোলেই ব্রাজিলকে ১-0 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে এবং পরবর্তীতে রানারআপ হয় আর্জেন্টিনা।

১৯৯০ সালের পর দীর্ঘ ৩৬ বছর কেটে গেলেও বিশ্বকাপের মঞ্চে আর কখনোই মুখোমুখি দেখা হয়নি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। দীর্ঘ এই দীর্ঘ বিরতির পর আবারও কি বিশ্বকাপের মঞ্চে দেখা মিলবে বিশ্বের অন্যতম জনপ্রিয় দুই দলের সুপার ক্লাসিকো? ভক্তদের মনে জমে থাকা এই মহাকাব্যিক প্রত্যাশা এবার সত্যিতে রূপ নেবে কি না, তা কেবল সময়ই বলে দেবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।