নওগাঁর রাণীনগরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ৩০ কেজি করে জিআরের চাল এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদের মুক্তমঞ্চ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জিআরের চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ এস এম মো. রেজাউল ইসলাম রেজু।
এ সময় প্রধান অতিথি বলেন, "আমাদের সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। দুস্থ নারীদের জন্য পরিবার কার্ড (ফ্যামিলি কার্ড) দেওয়া শুরু হবে। কৃষকদের জন্য আগামী অর্থবছর থেকে কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি সাধারণ নাগরিকদের জন্য স্বাস্থ্য কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে সরকারিভাবে স্বাস্থ্যসেবা ও বিভিন্ন ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে। আগামীর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বর্তমান সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে, ইনশাআল্লাহ।" তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তকিমা খাতুন চৈতি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফায়সাল তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, সাখাওয়াত হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে একই স্থানে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে উপজেলার প্রায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি।
এ ছাড়া দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ব্যাডমিন্টন কোর্ট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
প্রতিনিধি/আরএইচ