ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেট (খাজা মার্কেট) এলাকার আশিক টাওয়ারের আটতলা ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে দুপুর ১টা ৪৬ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এক গণমাধ্যমকে জানান, পরে সহায়তার জন্য সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে পথে তীব্র যানজটের কারণে ইউনিটগুলোর চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।
তিনি বলেন, মোট ছয়টি ইউনিটের চেষ্টায় বিকাল ৩টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
দেশবার্তা/একে