দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৩৩টি শিশু।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৩৮টি শিশুর মৃত্যু হলো। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩টি শিশু। সব মিলিয়ে গত সাড়ে তিন মাসে হাম ও এর উপসর্গ নিয়ে দেশে মোট ৭৩১টি শিশু মারা গেল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০১টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ছিল ৭৩২। এই এক দিনে নতুন করে ৭০৪টি শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, বিপরীতে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৭৫টি শিশু।
সরকারি হিসাব মতে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৬৯৩ জনে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ৫২৬ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৮৭ হাজার ৯৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৮৪ হাজার ২১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
চিকিৎসকেরা বলছেন, শিশুদের মধ্যে হাম ও এর উপসর্গের প্রকোপ বাড়ায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে। কোনো শিশুর শরীরে জ্বর ও ফুসকুড়িসহ হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।
দেশবার্তা/একে