দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় সার্কাসের নামে অমানবিক আচরণের শিকার হওয়া সেই হাতি ‘বাদশা বাহাদুর’ অবশেষে মুক্তি পেয়েছে। পর্যাপ্ত খাবার ও যথাযথ পরিচর্যার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়া হাতিটির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় হাতিটির কল্যাণ নিশ্চিত করতে সেটিকে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে হাতিটিকে বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, মহাস্থান এলাকায় দীর্ঘদিন ধরে বাণিজ্যিক উদ্দেশ্যে একটি সার্কাস দলে হাতিটি ব্যবহার করা হচ্ছিল। তবে প্রাণীটির প্রতি চরম অবহেলা, পুষ্টিকর খাবারের অভাব এবং অসুস্থাবস্থাতেও খাটানোর কারণে সেটির শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। গণমাধ্যমে এই অমানবিকতার চিত্র উঠে এলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে।
পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। প্রতিমন্ত্রীর বিশেষ তদারকি ও উদ্যোগে হাতিটির মালিকের সঙ্গে আলোচনা করা হলে, তিনি স্বেচ্ছায় হাতিটিকে বন বিভাগের জিম্মায় দিতে সম্মতি জানান। এর ফলেই দীর্ঘদিনের অবহেলা ও বন্দিদশা থেকে মুক্তি মেলে ‘বাদশা বাহাদুর’-এর।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি গভীর সম্মান জানিয়ে হাতিটির মালিক এটি স্বেচ্ছায় আমাদের জিম্মায় প্রদান করেছেন। তার প্রেক্ষিতেই আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বন বিভাগের কাছে হাতিটি হস্তান্তর করা হলো।
তিনি আরও জানান, দীর্ঘদিন অবহেলায় থাকায় হাতিটি বেশ অসুস্থ। ঢাকা জাতীয় চিড়িয়াখানায় নিয়ে এটিকে উন্নত চিকিৎসা ও নিবিড় পরিচর্যা দেওয়া হবে। আশা করা যাচ্ছে, সেখানে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে হাতিটি দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং নিরাপদ জীবন ফিরে পাবে।
বন বিভাগ জানিয়েছে, রাতেই বিশেষ ব্যবস্থায় ‘বাদশা বাহাদুর’কে ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা করানো হচ্ছে।
প্রাণী অধিকার কর্মীরা সরকারের এই দ্রুত ও মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
দেশবার্তা/একে