নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌরাস্তার বাসিন্দা শামসুরনাহার শিউলি অভিযোগ করেছেন, তার স্বামী আইদুল হক জামাল দুই দশক আগে বিয়ের পর থেকেই স্ত্রীর ওপর অত্যাচার করে আসছেন। কোন প্রকার ভরণপোষণ দিচ্ছেন না। সামান্য কারণেই তাকে শারীরিক মানসিক নির্যাতন করে আসছেন। বাবার বাড়ি থেকে যৌতুক আনতে চাপ সৃষ্টি করতেন।
এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে শিউলি জানান, তার ও দুই সন্তানের জীবনধারণের কোন ব্যবস্থা না করেই জামাল বিদেশে চলে যান। প্রবাস থেকেও তিনি স্ত্রী ও দুই সন্তানের কোন খোঁজ খবর নেননি। দুই সন্তান অনু ও অনিককে নিয়ে এতগুলো বছর তিনি বহুকষ্টে জীবনযাপন করে আসছেন।
চলতি বছরের ৭ জুন স্বামী আইদুল হক জামাল দেশে ফিরে আসেন।
শিউলি বলেন, স্বামীর দেশে ফেরার খবর পেয়ে ৮ জুন তিনি দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে যান। সেদিন তাকে না পেয়ে পরদিন আবার যান সন্তানদের নিয়ে। কিন্তু স্বামী জামাল স্ত্রী ও সন্তানদের অস্বীকার করেন। এক পর্যায়ে শিউলি, অনু ও অনিককে একটি ঘরে আটকে রাখেন।
ভুক্তভোগী এই নারী জানান, ধরে আটকে রেখে জামালের সামনেই জামালের ভগ্নিপতি ও অন্যরা শিউলির ছোট ছেলে আবদুর রহিম অনিককে বেদম মারপিট করে। অনিক গুরুতর আহত হয়।
স্ত্রীর অধিকার এবং সন্তানদের নিরাপত্তার জন্য শামসুরনাহার শিউলি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
দেশবার্তা/এসবি