ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৬ জুলাই ২০২৬ | ২২ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২১:১৩
চলমান বার্তা:
গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১৮:৪৮  (ভিজিটর : )

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শাসন কাজে নিয়োজিত নিজেদের প্রশাসনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রায় ২০ বছর ক্ষমতায় থাকার পর আজ (সোমবার) গাজা উপত্যকা শাসনকারী এই কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। 

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এএফপি বলছে, হামাস কমিটি ভেঙে দেওয়ায় উপত্যকাটি পরিচালনার জন্য প্রস্তাবিত একটি টেকনোক্র্যাট (প্রশাসনিক কর্মকর্তা) কমিটির দায়িত্ব গ্রহণের পথ সুগম হলো।

হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় দুই দশক ধরে গাজা শাসনকারী কমিটি ভেঙে দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর মধ্য দিয়ে মূলত একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির বেসামরিক শাসন বাস্তবায়নের পথ প্রশস্ত হবে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপকে সশস্ত্র গোষ্ঠী হামাসের একটি উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহর সঙ্গে রক্তক্ষয়ী লড়াইয়ের পর গাজার নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। এরপর থেকে দীর্ঘ সময় ধরে তারাই উপত্যকাটি শাসন করে আসছিল।

গত অক্টোবরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গোষ্ঠীটি বারবার বলে আসছিল, তারা গাজার দৈনন্দিন শাসনকাজ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে তাদের নিরস্ত্রীকরণের মতো অত্যন্ত জটিল ও সংবেদনশীল বিষয়টি এখনো অমীমাংসিত রয়ে গেছে।

জনসমক্ষে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘সংগঠনটি গাজার শাসন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে এই কমিটির কার্যক্রম তদারকির জন্য জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে- যিনি গাজা পরিচালনার জন্য গঠিত জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন কাজ করবেন।’

হামাসের আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, ‘সম্প্রতি মিসরের কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে ফিলিস্তিনের অন্যান্য উপদলগুলোকে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।’

ওই কর্মকর্তা বলেন, ‘উপদলগুলো হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা এটিকে গাজার শাসনভার গ্রহণের ক্ষেত্রে জাতীয় কমিটির সক্ষমতা বৃদ্ধির একটি বড় ও আন্তরিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।’

হামাসের এই কমিটি বিলুপ্তির ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’র (এনসিএজি) প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পথ উন্মুক্ত হলো।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।