ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৭ জুলাই ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২৩:৩৯
চলমান বার্তা:
অকালেই চলে গেলেন আফগান পেসার শাপুর জাদরান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১৭:০৫  (ভিজিটর : )

দুরারোগ্য ব্যাধির সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন আফগানিস্তানের পেসার শাপুর জাদরান। আফগান ক্রিকেটের উত্থানের অন্যতম এই কারিগর বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন। 

মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে শাপুরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

শাপুর জাদরান মূলত ‘হিমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিসাইটোসিস’ নামক রোগ প্রতিরোধ ক্ষমতার (ইমিউন সিস্টেম) একটি জটিল ব্যাধিতে ভুগছিলেন। গত কয়েক মাস ধরে ভারতের দিল্লির এনসিআর অঞ্চলের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অবশেষে চিরবিদায় নিলেন এই বাঁহাতি পেসার।

আফগান ক্রিকেটের শুরুর দিকের নায়কদের একজন হিসেবে শাপুরের অবদান স্মরণ করে এসিবি লিখেছে, শাপুর জাদরান ছিলেন আফগানিস্তান ক্রিকেটের ভিত্তি স্থাপনকারী ব্যক্তিত্বদের একজন। তাঁর নিষ্ঠা, আবেগ এবং অবিচল প্রতিশ্রুতি আমাদের দেশে ক্রিকেটের উত্থান ও উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি ছিলেন সেই সব গর্বিত ক্রিকেটারদের একজন, যাঁরা আফগানিস্তানের প্রাথমিক ক্রিকেটযাত্রার কেন্দ্রবিন্দুতে ছিলেন এবং আফগান ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে আসার পথ তৈরি করতে সাহায্য করেছিলেন।

২০০৯ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শাপুরের। এরপর ২০২০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলেন তিনি। দেশের হয়ে ৪৪টি ওয়ানডেতে ৪৩টি এবং ৩৬টি টি-টোয়েন্টিতে ৩৭টি উইকেট শিকার করেছেন এই পেসার। 

আন্তর্জাতিক ক্রিকেটে পরিসংখ্যানের বাইরেও ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক প্রথম জয়ের পর উইনিং রান নিয়ে তাঁর সেই বুনো উদ্‌যাপনের দৃশ্য ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।