জাতীয় সংসদ অধিবেশন পরিদর্শনে আসা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার বিকেলে অধিবেশনের বিরতির ফাঁকে সংসদ ভবনে তিনি শিক্ষার্থীদের সঙ্গে এই সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন। আগামী দিনে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ চারজন বিদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন।
আজ দুপুরে শিক্ষক ও শিক্ষার্থীদের এই প্রতিনিধিদলটি জাতীয় সংসদ ভবনে আসে। তারা সংসদের দৃষ্টিনন্দন নির্মাণশৈলী ও স্থাপত্য ঘুরে দেখেন এবং সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন। পরে তারা সংসদ অধিবেশন কক্ষের গ্যালারিতে বসে অধিবেশনের কার্যক্রম প্রত্যক্ষ করেন। আসরের নামাজের বিরতি চলাকালে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখা পান।
আজ সংসদ পরিদর্শনে আসা দলগুলোর মধ্যে ছিল নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার (দিপু) মাধ্যমে আসা রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষক ও শিক্ষার্থী। এছাড়া নটর ডেম কলেজের ৪৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষকসহ ৫৩ জনের একটি দল এবং বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে আসা যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ৪ জন বিদেশি শিক্ষার্থীসহ ৮ জনের একটি প্রতিনিধিদল সংসদ ভবন পরিদর্শন করে।
একই সঙ্গে সংসদ সদস্য ফাহমিদা হক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) মাধ্যমে আসা আরও ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল আজ সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পায়।
দেশবার্তা/একে