যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা ‘রোবোসাব ২০২৬’-এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে শিক্ষার্থীরা তাঁদের তৈরি রোবোটিক্স প্রজেক্টটি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাঁদের এই উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী তরুণদের গবেষণা ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী কাজে আরও মনোযোগী হতে উৎসাহিত করেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করার জন্য এই শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। এ ধরনের সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’
শিক্ষার্থীদের প্রকল্পের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী তাঁর নিজের লেখা ‘সবার আগে বাংলাদেশ’ বইটি উপহার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
এ সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন উপস্থিত ছিলেন।
আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘রোবোসাব ২০২৬’ আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের হয়ে একমাত্র দল হিসেবে অংশ নিতে যাচ্ছেন এই শিক্ষার্থীরা। বিদেশে রওনা হওয়ার আগে নিজেদের প্রকল্প সম্পর্কে অবহিত করতে এবং প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা নিতে তাঁরা সংসদ ভবনে আসেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী (অ্যালামনাই)।
শিক্ষার্থীরা জানান, তাঁরা ‘প্রজেক্ট পোসাইডন’স কোড’ নামের একটি প্রতিনিধিদলের সদস্য। এটি মূলত বাংলাদেশের প্রথম পানির নিচের (আন্ডারওয়াটার) রোবোটিক্স উদ্যোগ, যা ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের মাধ্যমে শুরু হয়েছে। বর্তমানে এটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স-এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
দেশবার্তা/একে