২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর লিওনেল মেসি ও তার দলকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রিভালদো। মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দল হওয়া সত্ত্বেও আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও নিবেদনের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক এই ব্যালন ডি’অরজয়ী তারকা।
মিশরের বিপক্ষে ম্যাচে একপর্যায়ে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আলবিসেলেস্তেদের এমন ঘুরে দাঁড়ানো দেখে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রিভালদো লিখেছেন, কী অসাধারণ লড়াই, কী জয়ের ইচ্ছা, কী দুর্দান্ত মানসিকতা এবং পুরো দলের নিবেদন! বিশ্বকাপে সমর্থকরা মাঠে এমন পারফরম্যান্সই দেখতে চায়।
ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলীয় শত্রুতার কথা মনে করিয়ে দিয়ে রিভালদো আরও বলেন, আমি একজন ব্রাজিলিয়ান। নিজের দেশকে ভালোবাসি এবং সবসময় ব্রাজিলকেই সমর্থন করব। প্রতিদ্বন্দ্বিতা ফুটবলেরই একটি অংশ। কিন্তু কোনো দল যখন অসাধারণ ফুটবল খেলে এবং মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দেয়, তখন তাদের প্রাপ্য স্বীকৃতি দিতেও জানতে হয়।
ম্যাচে শুরুতে পেনাল্টি মিস করলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ান অধিনায়ক লিওনেল মেসি। দলের দ্বিতীয় গোলটি করার মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২১-এ নিয়ে গেছেন তিনি। পাশাপাশি চলতি ২০২৬ বিশ্বকাপেও এটি ছিল তার অষ্টম গোল, যা তাকে আবারও আসরের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে শীর্ষে বসিয়েছে।
মেসির এই ফুটবলীয় ক্ষুধা নিয়ে রিভালদো বলেন, লিও মেসিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি সত্যিই অসাধারণ একজন ফুটবলার। ৩৯ বছর বয়সে এসেও নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। একই আবেগ নিয়ে আর্জেন্টিনার জার্সির জন্য লড়ছেন, উদযাপন করছেন, কাঁদছেন এবং আবারও ম্যাচের ভাগ্য বদলে দিচ্ছেন।
ম্যাচ শেষে অশ্রুসিক্ত মেসির একটি ছবি শেয়ার করে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে এই ব্রাজিলিয়ান কিংবদন্তি লেখেন, এমন ম্যাচই ফুটবলের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এবং বিশ্বকাপকে বিশেষ করে তোলে। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন।
দেশবার্তা/একে