কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদরাসায় পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৭ জনই শিশু, যারা ওই মাদরাসার শিক্ষার্থী ছিল। বাকি একজন ওই মাদরাসার শিক্ষক। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ‘এ-থ্রি’ ব্লকের ওই মাদরাসাটিতে যখন ক্লাস চলছিল, তখন হঠাৎ বিশাল একটি পাহাড়ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে ৪ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে ধ্বংসস্তূপ থেকে একে একে মোট ১৩ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে ৮ জনকে মৃত ঘোষণা করা হয়।
উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। বর্তমানে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
আহত ও জীবিত উদ্ধার হওয়া ৫ শিশুকে ক্যাম্প-৩ এর জিকে হাসপাতাল, ক্যাম্প-৫ এর ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং ক্যাম্প-৬ এর আইআরসি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সকাল থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণের কারণে ক্যাম্পের অন্য এলাকাগুলোতেও নতুন করে পাহাড়ধসের আশঙ্কা করছেন স্থানীয় রোহিঙ্গারা।
দেশবার্তা/একে