ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৯ জুলাই ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২০:৫৮
চলমান বার্তা:
বঙ্গোপসাগরে ৩ ট্রলারডুবির ঘটনায় ১৩ জেলে নিখোঁজ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১৮:০৪  (ভিজিটর : )

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের তাণ্ডবে তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া আরও অন্তত পাঁচটি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা।

তিনি জানান, বুধবার দুপুর ১টার দিকে চর বিজয়সংলগ্ন বঙ্গোপসাগরে ছয় জেলেকে নিয়ে একটি ছোট মাছধরা ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের মালিক মাসুদ মাঝিকে উদ্ধার করা হলেও এখনও পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন।

এ ছাড়া মঙ্গলবার বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের প্রায় ১৭ কিলোমিটার গভীরে ১৮ জেলেকে নিয়ে ফকিরহাটের এফবি মহিমা নামে একটি ট্রলার ডুবে যায়। বুধবার দুপুরে অন্য একটি ট্রলার ১৬ জেলেকে উদ্ধার করে। তবে এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এর আগে গত রোববার বঙ্গোপসাগরের প্রায় ৬০ কিলোমিটার গভীরে ১১ জেলেকে নিয়ে গলাচিপা উপজেলার খরিদা গ্রামের ইমাদুলের মালিকানাধীন আরেকটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় পাঁচজন জেলেকে উদ্ধার করা হলেও এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন।

এদিকে কুয়াকাটা সমুদ্রসৈকতের গঙ্গামতি এলাকা থেকে এক অজ্ঞাত জেলের মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ। মঙ্গলবার বিকেলে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সমুদ্রসৈকতে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করলে তারা সমুদ্রের তীরে একটি মরদেহ ভেসে আসতে দেখেন। পরে নৌ পুলিশকে খবর দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী বেলাল হোসেন বলেন, “আমরা কাজের উদ্দেশ্যে বের হচ্ছিলাম। হঠাৎ দুর্গন্ধ পেয়ে চারদিকে তাকিয়ে দেখি সমুদ্র থেকে একটি মরদেহ ভেসে আসছে। তখনই নৌ পুলিশকে খবর দিই।” তিনি জানান, মরদেহটি কয়েকদিন পানিতে থাকার কারণে শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে।

নৌ পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তাঁর পরনে কালো রঙের একটি প্যান্ট ও গেঞ্জি ছিল। গেঞ্জিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম মহানগর’ লেখা রয়েছে।

কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া কোনো জেলের মরদেহ। খবর ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকা থেকে সম্ভাব্য স্বজনরা আসতে শুরু করেছেন। পরিচয় শনাক্ত করা গেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান চালাচ্ছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।