ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১০ জুলাই ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২২:২৭
চলমান বার্তা:
আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১৫:১৯  (ভিজিটর : )

বিশ্বকাপের গ্রুপ ও নকআউট পর্ব মিলিয়ে ২৮ দিনের টানা লড়াই শেষে এবার শুরু হচ্ছে শেষ আটের মহারণ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে মাঠে গড়াচ্ছে কোয়ার্টার ফাইনাল। কিন্তু টুর্নামেন্ট এখন নতুন অধ্যায়ে প্রবেশ করলেও থামছে না আর্জেন্টিনা–মিসর ম্যাচ ঘিরে বিতর্ক।

শেষ ষোলোর সেই হাইভোল্টেজ লড়াইয়ে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে এখনও চলছে আলোচনা। ম্যাচের পর ক্ষোভ উগরে দিয়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান এবং দলের স্ট্রাইকার মোস্তফা জিকো। তাদের দাবি, ম্যাচ পরিচালনায় আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে। এমনকি ম্যাচটি পূর্বপরিকল্পিত ছিল বলেও অভিযোগ করেছেন তারা।

তবে মিসর শিবিরের এমন অভিযোগকে আমলে নিচ্ছে না ফিফা। সংস্থাটির প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ারলুইজি কলিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রেফারিং নিয়ে ওঠা এসব অভিযোগের কোনো গুরুত্ব নেই এবং এ নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।

ইনসাইড ফিফা ডট কমে দেওয়া পূর্ণাঙ্গ সাক্ষাৎকারে আর্জেন্টিনা ও মিসর ম্যাচের সব সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই রেফারি। প্রতিটি ঘটনা পর্যালোচনা করে তিনি জানিয়েছেন, ম্যাচে রেফারি কোনো ভুল করেননি।

মিসরের মূল আপত্তি দুটি সিদ্ধান্ত ঘিরে। প্রথমটির ক্ষেত্রে ভিএআর দেখে আগের একটি ফাউলের কারণে মিসরের গোল বাতিল করা হয়। অন্য ঘটনায় আর্জেন্টিনার তৃতীয় গোলের ক্ষেত্রে আগে ফাউলের অভিযোগ থাকলেও সেটি ভিএআরে পর্যালোচনা করা হয়নি বলে দাবি মিসরের।

ম্যাচের ৫৮ মিনিটে পাল্টা আক্রমণে দারুণ গোল করেন জিকো। তবে আক্রমণে শুরুতে মিসরের রক্ষণ থেকে এক ফুটবলার ফাউল করেন লিসান্দ্রো মার্তিনেজকে। প্রায় ৮৫ মিটার দূরের ঘটনা হলেও, ভিএআর দেখে সেই ফাউল ধরেন রেফারি এবং বাতিল করেন গোল।

পরে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে পাল্টা আক্রমণেই জয়সূচক গোল করেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। আক্রমণের শুরুতে আর্জেন্টিনার ডি বক্সে হুলিয়ান আলভারেজের পায়ের সঙ্গে লেগে পড়ে যান মোহামেদ সালাহ। তবে এটিকে ফাউল ডাকেননি রেফারি। দুটি সিদ্ধান্তেরই ব্যাখ্যা দিয়েছেন ফিফার প্রধান রেফারিং অফিসার কলিনা। 

রেফারিং অফিসার কলিনা বলেন, ‘প্রতিটি গোল হওয়ার পর, ভিএআর আক্রমণাত্মক বল দখলের পর্যায় (অ্যাটাকিং পজেশন ফেজ) যাচাই করে। যদি গোল হওয়ার আগে কোনো ফাউল শনাক্ত করা হয় ও মনে হয় যে সেটি গোল হওয়ার ওপর প্রভাব ফেলেছে, তবে ভিএআর মাঠের রেফারিকে পুনরায় ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেবে।’

কলিনা আরও বলেন, ‘গোল থেকে দূরত্ব বা ঘটনার সময় এবং গোল হওয়ার মধ্যবর্তী সময়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই। আমরা বিশ্বাস করি, একটি ফাউল মানেই ফাউল। ফাউলটি ‘স্পষ্ট’ দেখা যাক বা না যাক, যদি রেফারি মাঠের খেলায় তা দেখতে না পান, তবে ভিএআর হস্তক্ষেপ করতে পারে।’

‘যদি গোল হওয়ার আগের মুহূর্তে কোনো ফাউল শনাক্ত না হয়, তবে ভিএআর রেফারিকে সেই অনুযায়ী জানাবে। প্রতিপক্ষের পায়ের ওপর পা রাখা একটি ফাউল, কিন্তু একজন ডিফেন্ডার যদি আগে বল স্পর্শ করে এবং তারপর স্বাভাবিক ফুটবলীয় কন্টাক্ট (স্পর্শ) হয়, তবে তা ফাউল বলে গণ্য হবে না।’

‘এই একই ম্যাচের শেষ দিকে এর একটি উদাহরণ দেখা গিয়েছিল। রেফারি এবং ভিএআর মিশরের ১০ নম্বর জার্সিধারী মোহামেদ সালাহ এবং আর্জেন্টিনার ৯ নম্বর জার্সিধারী হুলিয়ান আলভারেজের মধ্যকার ঘটনাটিকে স্বাভাবিক ফুটবলীয় স্পর্শ হিসেবে বিবেচনা করেছিলেন।’  

দেশবার্তা/এমআর
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।