ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৯ জুলাই ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২২:২৭
চলমান বার্তা:
মহাদেবপুরে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে আউশ ধানের খেত ও আমনের বীজতলা
পানিবন্দী বহু পরিবার
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১৯:০২  (ভিজিটর : )

টানা ভারী বৃষ্টিতে নওগাঁর মহাদেবপুর উপজেলায় আউশ ধানের খেত, আমন ধানের বীজতলা ও বিভিন্ন ধরনের সবজি তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। একই সঙ্গে উপজেলা শহরের নিচু এলাকার বসতবাড়ি ও বিভিন্ন সড়ক পানিতে ডুবে গিয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বুধবার থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে উপজেলার ১০টি ইউনিয়নে চলতি মৌসুমে ১৫ হাজার ৩৫০ হেক্টর জমিতে রোপণ করা আউশ ধান, ৯৫০ হেক্টর আমন ধানের বীজতলা এবং ৫২০ হেক্টর জমির সবজি চাষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র আরও জানায়, এর মধ্যে প্রায় ৭ হাজার ৬৭৫ হেক্টর আউশ ধানের জমি, ১৯০ হেক্টর আমন ধানের বীজতলা এবং ১০৪ হেক্টর জমির বিভিন্ন সবজি ইতোমধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

জোয়ানপুর গ্রামের কৃষক মোবারক হোসেন বলেন, “দ্রুত পানি নেমে না গেলে আউশ ধান, আমনের বীজতলা ও বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হবে। এতে আমাদের মতো হাজারো কৃষক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এইচ. এম. এরশাদ বলেন, “বর্তমানে বৃষ্টির পানিতে তলিয়ে থাকা আউশ ধান, আমনের বীজতলা ও সবজি খেতের ওপর তাৎক্ষণিকভাবে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই। তবে পানি দীর্ঘ সময় স্থায়ী হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

অন্যদিকে, বুধবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টানা বর্ষণে উপজেলা শহরের জাহাঙ্গীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এলাকা, ঘোষপাড়া, জাহাঙ্গীরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এলাকা, কুঞ্জবন কাজী অফিসপাড়া ও কুঞ্জবন দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকার বসতবাড়ি ও সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে এসব এলাকার বাসিন্দা এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রভাবশালীরা পানি নিষ্কাশনের সরকারি কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণ করেছেন। এছাড়া পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব, অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ এবং ড্রেনে ময়লা-আবর্জনা জমে থাকায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই এসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষকে পানিবন্দী অবস্থায় দিন কাটাতে হচ্ছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।