ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৪ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২০:১৪
চলমান বার্তা:
ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ১০ হাজার মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১৪:৩৯  (ভিজিটর : )

ইউরোপে গত জুন মাসের শেষ দিকে টানা আট দিনের তীব্র তাপপ্রবাহে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপভিত্তিক জরিপ সংস্থা ইউরোমোমো গতকাল রোববার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ইউরোমোমো মূলত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যৌথ পরিচালনায় ইউরোপের ২৭টি দেশের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করে। 

সংস্থাটি জানায়, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত আট দিনের এই তাপপ্রবাহে ইইউভুক্ত দেশগুলোতেই এই প্রাণহানি ঘটে। মৃতদের মধ্যে প্রায় ৯ হাজার জনের বয়স ৬৫ বছর বা তার বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের অধিকাংশেরই ‘হিট-স্ট্রোক’ বা অতিরিক্ত গরমের কারণে হৃদযন্ত্র ও শ্বাসতন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। 

ইউরোমোমোর কর্মকর্তা ও ডেনমার্কের স্ট্যাটেন্স সেরাম ইনস্টিটিউটের প্রধান চিকিৎসক লাসে ভেস্টারগার্ড রয়টার্সকে বলেন, ‘প্রচণ্ড গরমের কারণেই তাদের মৃত্যু হয়েছে। এর আর কোনো ব্যাখ্যা নেই। বছরের এই সময়ে এত অল্প সময়ের মধ্যে এত মানুষের মৃত্যু সত্যিই অস্বাভাবিক।’

ইউরোমোমোর প্রতিবেদনে দেশভিত্তিক সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করা হলেও জানানো হয়েছে, মৃতদের একটি বড় অংশই ফ্রান্স ও বেলজিয়ামের বাসিন্দা।

সরকারি তথ্য অনুযায়ী, গত আট সপ্তাহ ধরে ইউরোপের বেশ কয়েকটি দেশে গরম ও তাপপ্রবাহজনিত কারণে প্রতি সপ্তাহে গড়ে ৫০০ মানুষের মৃত্যু হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা ইসিডিপিসির তথ্যমতে, এর আগে ইউরোপে এক সপ্তাহে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল ২০২০ সালের মে-জুন মাসে করোনা মহামারির সময়ে। তখন এক সপ্তাহে ১ হাজার ৬৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

ইউরোপের বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, মানবসৃষ্ট কারণে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, এই তাপপ্রবাহ তারই ফল। আগামী বছরগুলোতে এমন তীব্র তাপপ্রবাহ বারবার ফিরে আসার আশঙ্কা রয়েছে। তথ্যসূত্র: রয়টার্স

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।