ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৪ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২০:১৪
চলমান বার্তা:
ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১৫:৩৭ আপডেট: ১৩.০৭.২০২৬ ১৮:৫৬  (ভিজিটর : )
ইরানের খুজেস্তান প্রদেশে মার্কিন হামলা : ছবি সংগৃহীত

ইরানের খুজেস্তান প্রদেশে মার্কিন হামলা : ছবি সংগৃহীত

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। গত রোববার দিবাগত গভীর রাতে মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে প্রদেশটির অন্তত আটটি শহরে এই ধারাবাহিক হামলা চালানো হয়। এতে প্রাথমিকভাবে একজন নিহত ও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

সোমবার (১৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খুজেস্তানের নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি স্থানীয় আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএকে জানান, মার্কিন বাহিনী প্রদেশটির অন্তত আটটি স্থানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে ধাপে ধাপে এসব হামলা চালানো হয়।

ভালিওল্লাহ হায়াতি আরও জানান, মাহশাহর এলাকার একটি কৃষি সেচ পাম্পিং স্টেশনে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একজন নিহত হন, আহত হন আরও চারজন। 

তবে প্রাদেশিক রাজধানী আহভাজের প্রধান বিমানবন্দরে হামলার খবরটি নাকচ করে দিয়ে তিনি বলেন, বিমানবন্দরের মূল স্থাপনায় কোনো আঘাত লাগেনি, তবে এর উপকণ্ঠে দুটি হামলা হয়েছে। কর্মকর্তারা এখন প্রতিটি আক্রান্ত এলাকার সামগ্রিক ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছেন।

এদিকে বিশ্বব্যাপী জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি ইরান পুরোপুরি বন্ধ করে দেওয়ার পর এই মার্কিন হামলার ঘটনা ঘটল। গত শনিবার ইরান দাবি করে, বেশ কয়েকটি বিদেশি জাহাজ ‘অননুমোদিত রুট’ ব্যবহার করে তাদের জলসীমায় প্রবেশের চেষ্টা করেছিল। বারবার সতর্ক করার পরও গতিপথ পরিবর্তন না করায় হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় তেহরান।

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সাফ জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক হস্তক্ষেপ সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত এই নৌপথ বন্ধ থাকবে। হরমুজ প্রণালিতে এই অচলাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যা বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ তৈরি করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, আইআরজিসির বিবৃতির ঠিক এক ঘণ্টা পর, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় তারা এই সামরিক অভিযান শুরু করে। সেন্টকমের দাবি, মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশেই ইরানের অভ্যন্তরে এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

আসন্ন নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে মধ্যপ্রাচ্যে নতুন করে এই উত্তেজনা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে বড় ধরনের চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তথ্যসূত্র: আল-জাজিরা

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।