ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৪ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২০:১৪
চলমান বার্তা:
শ্রীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১৫:০০  (ভিজিটর : )

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে নাছিমা আক্তার (২৭) নামে এক পোশাকশ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাইদুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

রোববার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত নাছিমা আক্তারের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার কৈলশাপুর বনপাড়া গ্রামে। তিনি শ্রীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নাছিমার ভাই মাসুম আহমেদ জানান, তিনিও বোনের বাসার অদূরে একটি ভাড়া বাসায় থেকে একই এলাকায় গার্মেন্টসে কাজ করেন। গভীর রাতে অন্য ভাড়াটিয়াদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বোনকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় অভিযুক্ত স্বামী সাইদুল ইসলাম পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় নাছিমাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বিয়ের পর প্রথমদিকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক ছিল। পরে সাইদুল মাদকাসক্ত হয়ে পড়লে প্রায়ই তাদের মধ্যে পারিবারিক কলহ হতো। দুটি সন্তানের কথা চিন্তা করে নাছিমা সংসার টিকিয়ে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্বামীর হাতেই তাকে প্রাণ দিতে হয়েছে বলে দাবি করেন তিনি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, নাছিমাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।