ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৪ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২০:১৪
চলমান বার্তা:
মহাদেবপুরে নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১৬:৫৩  (ভিজিটর : )

নওগাঁর মহাদেবপুর উপজেলার নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে লোকমান আলী মণ্ডল (৫০) ও তার স্ত্রী দেলোয়ারা বেগমের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন মুক্তার হোসেন জানান, গত রোববার রাতে পরিবারের সবাই একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। ভোররাতে তিনি ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে খাটের ওপর বাবা-মায়ের নিথর দেহ দেখতে পান। পরে প্রতিবেশীদের খবর দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোর সাড়ে ৩টার দিকে মুক্তার হোসেন তাদের ডেকে জানান, তার বাবা-মা বিষ খেয়েছেন। ঘটনাস্থলে গিয়ে তারা খাটের ওপর দম্পতির মরদেহ দেখতে পান।

লোকমান আলী মণ্ডল দিনমজুর হিসেবে কাজ করতেন। তিনি স্ত্রী ও ছেলে মুক্তার হোসেনকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় কয়েকজনের দাবি, মুক্তার হোসেন মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় আসক্ত। তাদের ধারণা, টাকার জন্য বাবা-মায়ের সঙ্গে বিরোধের জেরে খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে এ ঘটনা ঘটতে পারে। প্রতিবেশীদের ভাষ্য, প্রায় এক সপ্তাহ আগেও একই ধরনের একটি ঘটনার চেষ্টা হয়েছিল। তখন খাবারে কীটনাশক মেশানো হয়েছে বুঝতে পেরে তা ফেলে দেওয়া হয় এবং ওই খাবার খেয়ে বাড়ির কয়েকটি হাঁস মারা যায়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মুক্তার হোসেন। তিনি বলেন, টয়লেট থেকে ফিরে এসে বাবা-মায়ের কক্ষের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে তাদের মরদেহ দেখে স্থানীয়দের খবর দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জেলকদ হোসেন বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, কীটনাশক পান বা খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশে যাওয়ায় তাদের মৃত্যু হতে পারে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/আরএইচ 
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।