এবারের বিশ্বকাপে রেফারিদের কিছু সিদ্ধান্ত বেশ বিতর্কের জন্ম দিয়েছে। টুর্নামেন্ট এখন শেষের দিকে, স্বাভাবিকভাবেই রেফারিদের প্রতিটি সিদ্ধান্তের প্রভাব ও গুরুত্ব আরও অনেক বেশি। এমন সময়ে বেশ বুঝেশুনেই রেফারি নিয়োগ দিচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। রেফারিংয়ের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে শুধু অভিজ্ঞতাই নয়, টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে কার পারফরম্যান্স কেমন ছিল, সেটিও গভীরভাবে বিবেচনা করা হচ্ছে।
সাধারণত ম্যাচের আগের দিন অফিশিয়ালি রেফারির নাম ঘোষণা করে ফিফা। আগামীকাল ডালাসে ফ্রান্স–স্পেনের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচের রেফারি প্যানেল এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। হাইভোল্টেজ এই ম্যাচে প্রধান রেফারি হিসেবে থাকবেন এল সালভাদরের ইভান বারটন। কনকাকাফ অঞ্চলের এই অভিজ্ঞ রেফারি চলতি বিশ্বকাপে এরই মধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। সেমিফাইনালটি হতে যাচ্ছে এবারের আসরে তাঁর চতুর্থ ম্যাচ।
কনকাকাফ নেশনস লিগ ও গোল্ড কাপের মতো বড় টুর্নামেন্টে নিয়মিত ম্যাচ পরিচালনা করা বারটনের প্রথম বিশ্বকাপ ছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপ। এবারের আসরে গ্রুপ পর্বে তুরস্ক–প্যারাগুয়ে ও জাপান–সুইডেন ম্যাচ এবং শেষ ষোলোর কলম্বিয়া–সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি।
এর মধ্যে তুরস্ক–প্যারাগুয়ে ম্যাচটিতে বারটনের একটি সিদ্ধান্ত ফুটবল বিশ্বে বেশ আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন তুরস্কের মের্ত মুলদুরকে মুখ ঢেকে কিছু একটা বলেছিলেন। মুলদুর সঙ্গে সঙ্গে রেফারির দৃষ্টি আকর্ষণ করলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান বারটন। মুখ ঢেকে কথা বলার অপরাধে লাল কার্ড দেখানোর ঘটনা ফুটবল ইতিহাসে এটাই প্রথম, যা পরে আর দেখা যায়নি।
আগামীকালের সেমিফাইনালে বারটনের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তাঁরই স্বদেশি ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। ম্যাচের চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন মাহবোদ বেগি।
এই হাইপ্রোফাইল ম্যাচের দায়িত্ব পাওয়ার মাধ্যমে একটি অনন্য ইতিহাসও গড়তে যাচ্ছেন ইভান বারটন। পুরুষদের বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া প্রথম এল সালভাদরীয় রেফারি হতে যাচ্ছেন তিনি।
দেশবার্তা/একে