দেখতে দেখতে শেষ পর্বে চলে এসেছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। ইতিমধ্যেই বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার পরাশক্তি। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। আর দ্বিতীয় সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড।
সেমিফাইনালে ওঠা প্রতিটি দলেরই শিরোপা জেতার মতো শক্তি ও মনোবল রয়েছে। তবে শক্তিমত্তা, সাম্প্রতিক ফর্ম ও অতীত পরিসংখ্যানের ওপর ভিত্তি করে ফুটবল ডাটা বিশ্লেষক প্রতিষ্ঠান ‘অপ্টা’র সুপারকম্পিউটার একটি ভবিষ্যদ্বাণী করেছে।
অপ্টার দেওয়া হিসাব অনুযায়ী, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটিতে চরম হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নয়, বরং হ্যারি কেনদের ইংল্যান্ডকে সামান্য ব্যবধানে এগিয়ে রাখছে সুপারকম্পিউটার।
সুপারকম্পিউটারের মডেল বলছে, ম্যাচ শেষে থ্রি লায়ন্সদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনার ফাইনালে খেলার সম্ভাবনা ৪৯ দশমিক ০৪ শতাংশ।
নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ম্যাচের ফয়সালার ক্ষেত্রেও ইংল্যান্ডকে খানিকটা এগিয়ে রাখা হয়েছে। ৯০ মিনিটের খেলায় ইংলিশদের জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ৩৮ দশমিক ৯ শতাংশ। বিপরীতে আর্জেন্টিনার সরাসরি জয়ের সম্ভাবনা ৩৪ দশমিক ১০ শতাংশ। আর নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৭ শতাংশ।
শুধুমাত্র ফাইনালে ওঠাই নয়, সেমিফাইনালের চার দলের মধ্যে ট্রফি জয়ের দৌড়েও ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তার এই সুপারকম্পিউটার।
অপ্টার মতে, এবার ইংল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২১ দশমিক ৯৪ শতাংশ, আর আর্জেন্টিনার ঘরে টানা দ্বিতীয়বার ট্রফি যাওয়ার সম্ভাবনা ২০ দশমিক ৫৫ শতাংশ।
দেশবার্তা/একে