চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এই বোর্ডের আওতাধীন জেলাগুলোর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের রোববারের (১৩ জুলাই), মঙ্গলবারের (১৫ জুলাই) ও বুধবারের (১৬ জুলাই) পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে।
রোববার (১২ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সব পরীক্ষা যথানিয়মে চলবে। একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাগুলোও (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলাগুলো ছাড়া) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বনির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা সব জেলার পরীক্ষার্থীদের জন্য আগের স্থগিতের সিদ্ধান্তই বহাল থাকছে। সেই অনুযায়ী ১৩ জুলাই, ১৫ জুলাই ও ১৬ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্থগিত হওয়া এই পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
দেশবার্তা/একে