ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১৩ জুলাই ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ১২ জুলাই, ২০২৬, ২১:০৪
চলমান বার্তা:
সেমিফাইনাল মানেই আর্জেন্টিনার ফাইনাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১৬:১৫ আপডেট: ১২.০৭.২০২৬ ১৬:১৬  (ভিজিটর : )

বিশ্বকাপের সেমিফাইনাল মানেই আর্জেন্টিনার জয়টা যেন অবধারিত। লাতিন ফুটবলের এই পরাশক্তি চলতি মেগা আসরসহ এ পর্যন্ত ২০ বার বিশ্বমঞ্চে অংশ নিয়েছে, যার মধ্যে শেষ চারের টিকিট পেয়েছে ছয়বার। আর ইতিহাস বলছে, সেমিফাইনালে ওঠার পর প্রতিবারই ফাইনালের টিকিট কেটেছে আলবিসেলেস্তেরা।

রোববার কানসাসে অনুষ্ঠিত শেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে, নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ইংল্যান্ড। আগামী বুধবার আটলান্টায় সেমিফাইনালের মেগা লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

ফুটবল বিশ্বের চোখ এখন এই মহারণে। একদিকে আলবিসেলেস্তেদের সামনে টানা দ্বিতীয় ফাইনালে ওঠার সুযোগ, অন্যদিকে সেমিফাইনালে অজেয় থাকার রেকর্ডটা অক্ষুণ্ণ রাখার চ্যালেঞ্জ।

একনজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনার আগের পাঁচ সেমিফাইনালের ইতিহাস

আর্জেন্টিনা ৬ : ১ যুক্তরাষ্ট্র (১৯৩০ বিশ্বকাপ)

বিশ্বকাপের প্রথম আসরেই শেষ চারে নিজেদের শক্তির জানান দিয়েছিল আর্জেন্টিনা। সেন্টেনারিও স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে একপ্রকার উড়িয়ে দিয়ে ৬-১ গোলের বিশাল জয়ে ইতিহাসের প্রথম দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে পা রাখে তারা।

আর্জেন্টিনা ২ : ০ বেলজিয়াম (১৯৮৬ বিশ্বকাপ)

ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ডিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ আর ‘শতাব্দীর সেরা গোলে’ ইংল্যান্ড বধের পর সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে ছিল বেলজিয়াম। সেই ম্যাচেও একক জাদুতে জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে ফাইনালে তোলেন ম্যারাডোনা। পরে দ্বিতীয় শিরোপাও জেতে আকাশি-সাদারা।

ইতালি ১ : ১ আর্জেন্টিনা (টাইব্রেকারে ৩-৪ জয়, ১৯৯০ বিশ্বকাপ)

নেপলসের সান পাওলো স্টেডিয়ামে স্বাগতিক ইতালির বিপক্ষে ম্যাচটি ছিল চরম স্নায়ুযুদ্ধের। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে গোলকিপার সার্জিও গয়কোচিয়ার অতিমানবীয় দক্ষতায় স্বাগতিকদের স্তব্ধ করে ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

নেদারল্যান্ডস ০ : ০ আর্জেন্টিনা (টাইব্রেকারে ২-৪ জয়, ২০১৪ বিশ্বকাপ)

দীর্ঘ ২৪ বছর পর আবারও সেমিফাইনালের মঞ্চে ফেরে আর্জেন্টিনা। করিন্থিয়ান্স অ্যারেনায় নেদারল্যান্ডসের বিপক্ষে ১২০ মিনিটের লড়াই ছিল গোলশূন্য। এবার টাইব্রেকারের নায়ক সার্জিও রোমেরো। ডাচদের দুটি শট ঠেকিয়ে লিওনেল মেসিকে তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ফাইনালের স্বাদ এনে দেন তিনি।

আর্জেন্টিনা ৩ : ০ ক্রোয়েশিয়া (২০২২ বিশ্বকাপ)

লুসাইল স্টেডিয়ামে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে কোনো সুযোগই দেয়নি আর্জেন্টিনা। লিওনেল মেসির জাদুকরী অ্যাসিস্ট আর হুলিয়ান আলভারেজের জোড়া গোলে ক্রোয়াটদের ৩-০ ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে আলবিসেলেস্তেরা। পরে ফ্রান্সকে হারিয়ে তিন যুগের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা।

(উল্লেখ্য, ১৯৭৮ সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের আসরে ফরম্যাট ভিন্ন হওয়ায় কোনো প্রথাগত সেমিফাইনাল ছিল না, দ্বিতীয় পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা সরাসরি ফাইনাল খেলেছিল।)

এবার সামনে ইংল্যান্ড

এবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী—ইংল্যান্ড ও আর্জেন্টিনা। অতীতের শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে স্কালোনির দল কি পারবে আরও একবার ফাইনালের মঞ্চে উঠতে? উত্তর মিলবে আগামী বুধবার।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।