দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ। এই সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার টিকিট পেলেন তিনি।
শনিবার (১১ জুলাই) রাতে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত এক জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিচারকদের চূড়ান্ত রায়ে সামানজারের মাথায় ওঠে বিজয়ের মুকুট। এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপের খেতাব অর্জন করেছেন লাবিবা মনজুর।
‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’ (এএমটিসি) আয়োজিত এই প্রতিযোগিতায় শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, অংশগ্রহণকারীদের বুদ্ধিমত্তা, নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস এবং সামাজিক দায়বদ্ধতাকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এবারের গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ শিরিন আক্তার শিলা, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, মেহরিন আফরোজ চৌধুরী এবং এফা তাবাসসুম।
মুকুট জয়ের পর আন্তর্জাতিক আসরের জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়েছেন সামানজার সাঈদ। আগামী কয়েক সপ্তাহ তিনি নিজের ব্যক্তিত্ব বিকাশ, আন্তর্জাতিক উপস্থাপনা দক্ষতা এবং ‘বিউটি উইথ আ পারপাস’ কার্যক্রমের আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে অংশ নেবেন।
আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে ৭৫তম ‘মিস ওয়ার্ল্ড’-এর মূল প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে সেখানে বাংলাদেশের লাল-সবুজ পতাকার প্রতিনিধিত্ব করবেন সামানজার। আগামী ৫ সেপ্টেম্বর প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দেশবার্তা/একে