গত বছর তামিলনাড়ুর কারুরে পদপিষ্টের ঘটনার জন্য পুলিশ ও তৎকালীন প্রশাসনকে দায়ী করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।
শুক্রবার কারুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি অভিযোগ করেন, দায়িত্বপ্রাপ্ত পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল এবং প্রাণহানির পুরো দায় তাঁর ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে কারুরে বিজয়ের নির্বাচনী জনসভায় অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়ি ও পদপিষ্টের ঘটনা ঘটে। মর্মান্তিক সেই দুর্ঘটনায় অন্তত ৪১ জন প্রাণ হারান।
দুর্ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে বিজয় বলেন, ‘কারুরের ওই দুর্ঘটনা আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আজও সেই ক্ষত আমাকে তাড়া করে বেড়ায়। আমি সেদিন পুলিশের ওপর ভরসা করেছিলাম, কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। যদি ভিড় এতটাই অনিয়ন্ত্রিত হয়ে গিয়ে থাকে, তবে পুলিশ কেন আমাকে আটকে দিল না? সভা বাতিল করার সব ক্ষমতাই তো তাদের ছিল। তা না করে তারা আমাকে পথ দেখিয়ে সভামঞ্চে নিয়ে গেল। এর পেছনে আসলে কার হাত ছিল, কারা কলকাঠি নেড়েছিল- সেটা আজ বড় প্রশ্ন।’
বিপর্যয়ের দিনগুলোতে তাঁকে নিয়ে রাজনৈতিক কটাক্ষের জবাবে বিজয় বলেন, ‘দুর্ঘটনার পর যখন আমি প্রচণ্ড মানসিক কষ্টে ঘরের ভেতর বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছিলাম, তখন অনেকে উপহাস করে বলেছিলেন আমি নাকি লুকিয়ে আছি।’
পুরো ঘটনাটিকে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র বলেও ইঙ্গিত করেন তিনি।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে যখন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, তখন তামিলনাড়ুর ক্ষমতায় ছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। পদপিষ্টের ঘটনা প্রথমে তামিলনাড়ু পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) তদন্ত শুরু করলেও পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে ন্যস্ত করা হয়।
দেশবার্তা/একে