ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১০ জুলাই ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২২:২৭
চলমান বার্তা:
ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএসও
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১৩:০৯  (ভিজিটর : )

বিশ্বকাপের ফাইনাল মানেই ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। তবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকছে না। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের বিরতিতে আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে এক তারকাখচিত সংগীতানুষ্ঠান। যেখানে এক মঞ্চে দেখা যাবে জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা, বিটিএসসহ বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পীদের।

আগামী ১৯ জুলাই (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ফিফা জানিয়েছে, ম্যাচের বিরতিতে ১১ মিনিটের বিশেষ এই হাফটাইম শো ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম। বুধবার আয়োজকরা অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।

এই আয়োজনের তত্ত্বাবধানে রয়েছেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবেন নাইজেরিয়ার আফ্রোবিট তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং নিউইয়র্কের পিএস২২ কোরাস। কোল্ডপ্লেও তাদের সঙ্গে পরিবেশনায় অংশ নেবে।

বিশেষ এই আয়োজনের মূল লক্ষ্য শুধু বিনোদন নয়। হাফটাইম শো থেকে প্রাপ্ত অর্থ যাবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে এই প্রকল্প।

বিশ্বকাপের ইতিহাসের প্রথম হাফটাইম শোতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবার। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে রাখে। এই ঐতিহাসিক অনুষ্ঠানের অংশ হতে পারা আমার জন্য গর্বের। সবচেয়ে বড় কথা, এই আয়োজন শিশুদের শিক্ষার জন্য কাজ করছে, এটি আমাকে আরও বেশি অনুপ্রাণিত করছে।’

বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ এর অন্যতম শিল্পী বার্না বয়ও নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপের ফাইনালে আফ্রিকার প্রতিনিধিত্ব করা আমার জন্য যেমন গর্বের, তেমনি বড় দায়িত্বও।’ শাকিরার সঙ্গে গাওয়া এই অফিসিয়াল থিম সংটিও ফাইনালের মঞ্চে পরিবেশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চমক থাকছে শিশুদের জন্যও। জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসেমি স্ট্রিট এর পরিচিত চরিত্রগুলোর পাশাপাশি কারমিট দ্য ফ্রগ ও মিস পিগিও এই বিশেষ আয়োজনে অংশ নেবে।

সাধারণত ফুটবল বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান থাকলেও ম্যাচের বিরতিতে সংগীতানুষ্ঠানের প্রচলন নেই। বহু বছর ধরে আমেরিকান ফুটবলের সুপার বোল হাফটাইম শো বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারণা থেকেই এবার প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালেও একই ধরনের আয়োজন করছে ফিফা।

১৯ জুলাই ফুটবল বিশ্বের নতুন চ্যাম্পিয়ন কে হবে, সেই উত্তেজনার পাশাপাশি ইতিহাসের প্রথম বিশ্বকাপ হাফটাইম শো নিয়েও অপেক্ষায় কোটি কোটি ফুটবল ও সংগীতপ্রেমী।

দেশবার্তা/এমআর
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।