বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ে সেলেসাওদের এমন অপ্রত্যাশিত বিদায়ে যেমন হতাশ হয়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থক, তেমনি মন ভেঙেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক তারকারও। তাঁদেরই একজন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।
নরওয়ের বিপক্ষে হেরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন এই অভিনেত্রী।
ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তটিনী লেখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা-আমি আমার দলের সঙ্গেই থাকব।’
তানজিম সাইয়ারা তটিনী। ছবি: ফেসবুক থেকে
পোস্টে ব্যবহৃত ছবিতেও ফুটে উঠেছে তটিনীর হতাশা। ছবিতে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না আড়াল করার ভঙ্গিতে দেখা যায় তাঁকে, যা ব্রাজিলের পরাজয়ে ভেঙে পড়া কোটি সমর্থকদের অনুভূতিরই প্রতিফলন। শুধু তাই নয়, নিজের পোস্টের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি ব্যবহার করে প্রিয় দলের বিদায়ের কষ্ট প্রকাশ করেছেন তিনি।
তটিনীর এই পোস্টে অসংখ্য ভক্ত ও অনুসারী মন্তব্য করে তাঁকে সান্ত্বনা দিয়েছেন। অনেকেই ব্রাজিলের প্রতি নিজেদের অবিচল সমর্থনের কথা জানিয়েছেন।
মাসুদ রানা নামের একজন সমর্থক মন্তব্য করেছেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। সব সময় প্রিয় দল ব্রাজিল। ইনশাআল্লাহ আবার দেখা হবে ২০৩০ সালে।’
আরেকজন লিখেছেন, ‘আমরা ম্যাচ হেরেছি তাতে কোনো দুঃখ নেই, আমাদের প্রিয় তারকা নেইমার তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে পেরেছেন, এতেই আমরা খুশি।’
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে প্রিয় দলের এমন হতাশাজনক বিদায়েও তটিনীর বার্তা একটাই- জয়-পরাজয় যাই হোক, প্রিয় দলের প্রতি ভালোবাসা থাকবে অটুট।