ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ০:০৮
চলমান বার্তা:
মেসির জার্সি পাওয়ার স্বপ্ন
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে চান ইয়ামাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১৮:২৩  (ভিজিটর : )

বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে চান স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। একই সঙ্গে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির সঙ্গে জার্সি বিনিময় করার ইচ্ছার কথাও জানিয়েছেন বার্সেলোনার এই উইঙ্গার।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ-সংক্রান্ত লক্ষ্য ও পছন্দের কথা খোলাখুলি জানিয়েছেন ইয়ামাল। স্পেন ফাইনালে উঠতে পারলে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকেই দেখতে চান তিনি। কারণ, দেশকে শিরোপা জেতানোর পাশাপাশি মেসির সঙ্গে জার্সি বদল করার বিরল সুযোগ হাতছাড়া করতে চান না ১৯ বছর বয়সী এই তারকা।

সাক্ষাৎকারে ইয়ামালকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন খেলোয়াড়ের সঙ্গে তিনি জার্সি বিনিময় করতে চান। উত্তরে তিনি এক কথায় বলেন, ‘মেসির সঙ্গে।’ 

আর ফাইনালে উঠলে কাদের বিপক্ষে খেলতে চান- এমন প্রশ্নে তার উত্তর ছিল, ‘আর্জেন্টিনা।’

এবারের বিশ্বকাপে বেশ কয়েকজন ফুটবলার চমক দেখিয়েছেন। টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক হিসেবে ইয়ামাল বেছে নিয়েছেন মরক্কোর ইসমাইল সাইবারিকে। পিএসভি থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া এই ফরোয়ার্ড বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল করেছিলেন। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক স্পট-কিকও সফলভাবে নেন। তবে কানাডার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি ২৫ বছর বয়সী এই ফুটবলার।

তবে স্বপ্নের সেই ফাইনালের আগে স্পেনকে কঠিন পরীক্ষায় পড়তে হবে। শুক্রবার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকা বেলজিয়াম।

এই ম্যাচে মাঠে নামলে ইয়ামাল আরেকটি ইতিহাস গড়ার সুযোগ পাবেন। ১৯ বছর পূর্ণ হওয়ার আগেই বিশ্বকাপের নকআউট পর্বে তিনটি ম্যাচের শুরুর একাদশে জায়গা পাওয়া প্রথম স্প্যানিশ ফুটবলার হওয়ার কীর্তি গড়তে পারেন তিনি।

অন্যদিকে টানা ১২ ম্যাচে জয় পাওয়া আর্জেন্টিনা ও তাদের অধিনায়ক লিওনেল মেসিকেও কোয়ার্টার ফাইনালে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। রোববার কানসাস সিটি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।