ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ০:০৮
চলমান বার্তা:
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ
রেফারি দায়িত্বে পিনহেইরো, বেড়েছে উদ্বেগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১৮:৫৬ আপডেট: ১০.০৭.২০২৬ ২১:২৩  (ভিজিটর : )

হাই-প্রোফাইল ম্যাচগুলোতে পিনহেইরোর নাম বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে আছে। বিশেষ করে, গত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তার একটি সিদ্ধান্ত এখনো আলোচনার কেন্দ্রে রয়েছে। পিএসজি ও বায়ার্ন মিউনিকের মধ্যকার ওই ম্যাচে পেনাল্টি বক্সের ভেতর জোয়াও নেভেসের একটি স্পষ্ট হ্যান্ডবলের পরও বায়ার্ন মিউনিকের পক্ষে পেনাল্টির বাঁশি বাজাননি তিনি।

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। কেনসাস সিটির এ হাইভোল্টেজ ম্যাচের রেফারি নিয়োগ নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে বিতর্ক। ফিফা নিশ্চিত করেছে, গুরুত্বপূর্ণ এ ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরো। আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে সাম্প্রতিক সময়ে তার কিছু বিতর্কিত সিদ্ধান্তই মূলত এ আলোচনা-সমালোচনার জায়গা করে দিয়েছে।


হাই-প্রোফাইল ম্যাচগুলোতে পিনহেইরোর নাম বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে আছে। বিশেষ করে, গত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তার একটি সিদ্ধান্ত এখনো আলোচনার কেন্দ্রে রয়েছে। পিএসজি ও বায়ার্ন মিউনিকের মধ্যকার ওই ম্যাচে পেনাল্টি বক্সের ভেতর জোয়াও নেভেসের একটি স্পষ্ট হ্যান্ডবলের পরও বায়ার্ন মিউনিকের পক্ষে পেনাল্টির বাঁশি বাজাননি তিনি। বিষয়টি জার্মান জায়ান্টদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল। তবে এ বিতর্ক আরো প্রকট হয়, যখন ভিএআর প্যানেলও পিনহেইরোকে অন-ফিল্ড মনিটরে ঘটনাটি রিভিউয়ের কোনো নির্দেশ দেয়নি।


পিনহেইরোর এ সিদ্ধান্তকে গত ইউরোপীয় মৌসুমের অন্যতম বিতর্কিত রেফারিং বলে মনে করে জার্মান গণমাধ্যম ও বায়ার্ন সমর্থকরা। সেই ঘটনার রেশ ধরেই চলমান বিশ্বকাপের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ম্যাচে তার নিয়োগ ফুটবল প্রেমীদের মাধে উদ্বেগের জন্ম দিয়েছে।

চলমান ফিফা বিশ্বকাপে পিনহেইরোর জন্য এটিই প্রথম ম্যাচ পরিচালনা নয়। এর আগে গ্রুপ পর্বে বসনিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের ৪-১ ব্যবধানের জয়ের ম্যাচটিতেও রেফারি ছিলেন তিনি। শারীরিক শক্তিনির্ভর সেই ম্যাচে তিনি তিনটি হলুদ কার্ড এবং তারিক মেহরেমোভিচকে লাল কার্ড দেখান। পরবর্তীতে কানাডা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার শেষ ১৬-র ম্যাচেও তিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে সেই ম্যাচে তিনি তুলনামূলক কম কঠোর ছিলেন। সেই ম্যাচে মাত্র দুটি হলুদ কার্ড প্রদর্শন করেন তিনি।

রেফারি বিতর্ক একপাশে রেখে ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসি আট গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে সবার শীর্ষে থেকে দলের আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন। তার পাশাপাশি হুলিয়ান আলভারেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও ক্রিশ্চিয়ান রোমেরোরা পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ ধারাবাহিকতা বজায় রেখেছেন।

সুইসরাও নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল কলম্বিয়াকে বিদায় করেছে তারা। রক্ষণাত্মক দেয়াল ও নিখুঁত কার্যকারিতার ওপর ভিত্তি করে চমৎকার এক সুশৃঙ্খল ট্যাকটিক্যাল ফুটবল উপহার দিচ্ছে মুরাত ইয়াকিনের দল। মাঝমাঠে গ্রানিত জাকা, রক্ষণে ম্যানুয়েল আকাঞ্জি ও গোলপোস্টের নিচে গ্রেগর কোবেলের ওপর ভরসা করে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর লক্ষ্য সুইজারল্যান্ডের।

ম্যাচের প্রথম বাঁশি বাজার পর থেকেই জোয়াও পিনহেইরোর ওপর প্রচণ্ড চাপ থাকবে। ক্যারিয়ারে প্রথমবারের মতো আর্জেন্টিনার কোনো ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন তিনি। অন্যদিকে একই বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সুইজারল্যান্ডের ম্যাচ পরিচালনার বাড়তি চাপ তো রয়েছেই।

আজকের ম্যাচে ভুলের সুযোগ নেই বললেই চলে। একটিমাত্র ভুল সিদ্ধান্ত যেকোনো দলের সেমিফাইনালের স্বপ্ন ভেঙে দিতে পারে। ফলে ফুটবলপ্রেমীদের নজর শুধু মাঠের তারকাদের ওপরই নয়, থাকবে এ পর্তুগিজ রেফারির ওপরও।


দেশবার্তা/এমআর

মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।