জিম্বাবুয়ে সফরে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় সফরের বাকি অংশে আর খেলা হচ্ছে না বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। ফলে শেষ ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ—দুই দল থেকেই ছিটকে গেছেন তিনি।
মোস্তাফিজের অনুপস্থিতিতে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। অন্যদিকে টি-টোয়েন্টি স্কোয়াডে তার পরিবর্তে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত সোমবার সিরিজের প্রথম ওয়ানডেতে খেলেছিলেন মুস্তাফিজ। ওই ম্যাচে ৬ ওভার বল করে ১৯ রান দেন তিনি। ম্যাচ শেষে করা স্ক্যানে তার হ্যামস্ট্রিংয়ের মাংসপেশিতে 'গ্রেড ওয়ান টিয়ার' ধরা পড়ে। চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী পুনর্বাসনের জন্য দেশে ফিরে আসবেন এই অভিজ্ঞ পেসার।
জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত হতাশাজনক সময় পার করছে বাংলাদেশ। একমাত্র টেস্টে হারের পর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও পরাজিত হয়েছে মেহেদী হাসান মিরাজের দল। ফলে শনিবার হারারেতে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
দেশবার্তা/এমআর