ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সমন জারি করেছেন আদালত। আগামী ১৩ আগস্ট তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) ঢাকার ১০ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি ও অভিযোগ থেকে জানা গেছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর সেটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা (প্রোমোশন) এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। কিন্তু পরবর্তীতে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনার পর আইনি নোটিশ পাঠানো হলেও কোনো সাড়া না পেয়ে গত বছরের (২০২৫ সাল) নভেম্বরে আদালতে মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযোগটির তদন্ত শেষে সম্প্রতি প্রতিবেদন জমা দেয়। সেই তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরই আদালত সমন জারির এই আদেশ দিলেন।
বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, ‘তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই এখন বিষয়টি আইনি নিয়মেই আদালতেই নিষ্পত্তি হবে।’
অবশ্য শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন তানজিন তিশা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেছিলেন, শাড়িটি তাঁকে উপহার (গিফট) হিসেবে দেওয়া হয়েছিল।
ছোট পর্দার তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। সিনেমাটি মুক্তির আগেই আদালতের এই সমনের কারণে নতুন করে আলোচনায় এলেন তিনি।
দেশবার্তা/একে