ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১৩ জুলাই ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ১২ জুলাই, ২০২৬, ২১:০৪
চলমান বার্তা:
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াডের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ২০:৫৫  (ভিজিটর : )
ছবি: পিএমও

ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীসহ প্রতিনিধিদলের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের এই সাফল্যে গর্ব প্রকাশ করে তিনি বলেন, দেশের নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধার বিকাশে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিজয়ী প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি তাঁদের পড়াশোনা, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগে আরও এগিয়ে যেতে উৎসাহিত করেন।

প্রতিনিধিদলটি আগামী ২ থেকে ৮ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য ‘এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড’–এ অংশগ্রহণের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে। প্রধানমন্ত্রী তাঁদের সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী হোমনা আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ত্রিদিব রায় আর্যকে একটি করে ল্যাপটপ উপহার দেন। এছাড়া দলের অন্য সদস্য নাইরা নাওয়ার আহমেদ, নাওফিল রহমান, অনন্য যারিফ আকন্দ, মুবতাসিম চৌধুরী পিয়ম ও মুরতাযা আব্দুল্লাহকে বই উপহার দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী তরুণদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণার সুযোগ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এই মেধাবী তরুণদের হাত ধরেই প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে। বিদেশে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে তিনি সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রতিনিধিদলটি বাংলাদেশে ‘এআই অলিম্পিয়াড’ আয়োজনের আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশ এআই অলিম্পিয়াডের টিম লিডার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বি এম মইনুল হোসেন, কোচ মোহাম্মদ আজম খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং কো-অর্ডিনেটর ও মেন্টর তাসনিম মাহফুজ নাফিস।

এ সময় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।