টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১২ জুলাই) রাতে পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শ্রাবন্তী।
সোমবার (১৩ জুলাই) অভিযুক্ত ব্যক্তিকে হাওড়া আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার বেশ কিছুদিন পর গত ১২ জুন ভুক্তভোগী এক তরুণী বাদী হয়ে চ্যাটার্জিহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণের মামলা রুজু করে তদন্তে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
ব্যক্তিগত সহকারীর গ্রেপ্তারের খবর সামনে আসার পর নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে এক পোস্টে শ্রাবন্তী লেখেন, ‘২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আমার ইভেন্ট ও দৈনিক সূচি দেখার দায়িত্ব নেয়। সেখান থেকেই ওই ব্যক্তির সঙ্গে আমার পরিচয়। এখন আমি জানতে পেরেছি, ওই ব্যক্তি অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। এই খবর আমাকে খুবই অস্বস্তিতে ফেলেছে। যদিও ওঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কিছুই জানি না।’
ভবিষ্যতে আর ওই ব্যক্তির সঙ্গে কোনো পেশাদার সম্পর্ক রাখবেন না জানিয়ে এই অভিনেত্রী আরও লেখেন, ‘এই ঘটনার পরে আগামী দিনে আর কোনোভাবেই ওঁর সঙ্গে যুক্ত থাকতে চাই না। সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট সংস্থাকেও এই বিষয়ে আমি আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি।’
দেশবার্তা/একে