২০২৭ সালের হজ মৌসুমে জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। সরকারের অনুমোদন পেলে হজ ফ্লাইট পরিচালনায় আগ্রহী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ধর্ম মন্ত্রণালয় বলছে, এ প্রস্তাব হজের বিমান ভাড়া কমানোর আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে ইউএস-বাংলা এয়ারলাইনস জানায়, হজ ফ্লাইট পরিচালনার সব শর্ত পূরণ করে তারা জনপ্রতি ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় যাত্রী পরিবহন করতে প্রস্তুত। উদ্দেশ্য হলো, স্বল্প আয়ের ধর্মপ্রাণ মুসলমানদের কম খরচে হজ পালনের সুযোগ করে দেওয়া।
বর্তমানে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি সৌদি আরবের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা সাউদিয়া এবং বেসরকারি উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস ফ্লাইট পরিচালনা করে। ইউএস-বাংলার অংশগ্রহণ হলে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং ভাড়া কমানোর সুযোগ সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, ইউএস-বাংলার প্রস্তাব হজের বিমান ভাড়া কমাতে দর-কষাকষির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। বিষয়টি ২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করার বৈঠকে আলোচনা করা হবে।
তিনি বলেন, ইউএস-বাংলা জানিয়েছে, সরকারের অনুমোদন পেলে তারা সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন অথোরিটির প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আসবে। সরকারও চায়, মানুষ যেন কম খরচে হজে যেতে পারেন। তাই বিমান ভাড়া নিয়ে প্রতিযোগিতা হওয়াকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজের বিমান ভাড়া কমানোর দাবি দীর্ঘদিনের। ইউএস-বাংলার দেওয়া প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট সভায় আলোচনা হবে।
উল্লেখ্য, ২০২৬ সালে বাংলাদেশ থেকে হজযাত্রীদের জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। সে হিসাবে ইউএস-বাংলার প্রস্তাবিত ভাড়া কার্যকর হলে জনপ্রতি প্রায় ৫৭ হাজার টাকা পর্যন্ত কমতে পারে, যা হজ প্যাকেজের মোট ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়ক হতে পারে।
মঙ্গলবার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং হজ-সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের বৈঠকে ২০২৭ সালের হজ প্যাকেজ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ হজ প্যাকেজ ঘোষণা করবেন।
দেশবার্তা/একে